নতুন বিমানমন্ত্রী শাহজাহান কামাল
নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া এ কে এম শাহজাহান কামালকে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
লক্ষ্মীপুরের সাংসদ শাহজাহান কামাল বুধবার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মন্ত্রিপরিষদ সচিব আজ আমাকে ফোন দিয়েছেন। আমাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে।”
পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের সামনে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন এবং অন্যদের দপ্তর বদলের তথ্য জানান।
গত চার বছর ধরে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করে আসছিলেন সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। মন্ত্রিসভার রদবদলে তাকে পাঠানো হয়েছে বেশ কিছুদিন ধরে খালি থাকা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সাংসদ। ৭২ বছর বয়সী এই রাজনীতিবিদ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপাতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। দলের কেন্দ্রীয় কমিটিতেও তিনি ছিলেন।
এ কে এম শাহজাহান কামালের জন্ম ১৯৫০ সালে লক্ষ্মীপুরে সদরের লাহার কান্দি গ্রামে। নোয়াখালীর চৌমুহনী কলেজ থেকে ১৯৬৮ সালে তিনি ডিগ্রি পাশ করেন।
প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ১৯৭৩ সালে লক্ষ্মীপুর-৩ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান কামাল। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে দ্বিতীয়বার সংসদে আসেন।
২০০৯-১৪ মেয়াদে আওয়ামী লীগ সরকারের সময় লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জনতা ব্যাংকের পরিচালকের দায়িত্বেও ছিলেন তিনি। তার ভাই অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি।
