২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শওকত ওসমান সাহিত্য পুরস্কার পেলেন আহমদ রফিক

সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান স্মৃতি পরিষদের আজীবন সম্মাননা ‘শওকত ওসমান সাহিত্য পুরস্কার’ পেলেন লেখক-গবেষক আহমদ রফিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 11:09 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

শওকত ওসমানের ১০১তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার বাংলা একাডেমিতে এক অনুষ্ঠানে পুরস্কার প্রদানের পাশাপাশি আলোচনা সভার আয়োজন করে শওকত ওসমান স্মৃতি পরিষদ।

সেখানে শওকত ওসমানের ছেলে জাঁ-নেসার ওসমান বলেন, আজীবনের সাহিত্যকর্মের স্বীকৃতির পাশাপাশি তরুণ সাহিত্যিকদেরও পুরস্কৃত করবেন তারা।

পরে ভাষা সংগ্রামী আহমদ রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শওকত ওসমানের ছেলে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাকিবুল ইসলাম লিটু।

শওকত ওসমান সম্পর্কে আহমদ রফিক বলেন, “তার জীবন ও সাহিত্যকর্ম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি ছিলেন প্রখর রাজনীতিমনস্ক। কখনও তিনি জাতীয়তাবাদী, কখনও সমাজবাদ নিয়ে ভাবতেন। এভাবেই তিনি সবার থেকে নিজেকে আলাদা করেছেন। তার মধ্যে যে স্বদেশপ্রেম, বিশ্বপ্রেম, মানবতাবাদী জীবনবোধ তৈরি হয়েছিল বিশ্বসাহিত্য পাঠে।”

ইয়াফেস ওসমান বলেন, “আমার নিজের পিতা বলে বলছি না, তিনি নিজেই নিজের কর্মগুণে আমাদের সবার পথপ্রদর্শক ছিলেন। তিনি সমাজ, জাতি, সন্তান- সবাইকে এক পাল্লায় সময় দিয়েছেন। এটাই প্রমাণ সবাইকে চাইলেই সময় দেওয়া যায়।

“তার বোধ হয় একটিই অতৃপ্তি ছিল। আমার মনে হয়, তিনি রাজনীতিবিদ হতে চেয়েছিলেন, যা তার সাহিত্যের মধ্য দিয়ে প্রমাণ পাওয়া যায়। উনি কখনোই নিজের জন্য চিন্তা করেননি। তিনি যে কাজ করেছেন, তা নিমগ্নভাবে করেছেন।”

শামসুজ্জামান খান বলেন, “শওকত ওসমান যে বিষয়েই লিখতেন, সে বিষয়ে তার একটি স্বকীয়তা ছিল। তিনি প্রতিবাদ ও শৈল্পিক চেতনাকে একসঙ্গে ধারণ করেছিলেন।”