খোঁজ না পেয়ে জিডি, পরে মিলল হোটেলে
গুম, অন্তর্ধানের মধ্যে ঢাকায় এক ব্যক্তির খোঁজ না পেয়ে থানায় জিডি করেছিল তার পরিবার; পরে একটি হোটেলে তাকে পাওয়া গেছে।
বিশ্বজিৎ দে জয় (৪৬) নামে ওই ব্যক্তি বাড়ি থেকে রাগ করে বেরিয়েছিলেন বলে খোঁজ মেলার পর তার ভগ্নিপতি জয়ন্ত কুমার দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
জয়ন্ত দেবই রোববার রমনা থাকায় জিডি করে তার শ্যালককে উদ্ধারে পুলিশের সাহায্য চান।
জয় কাকরাইলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিপণন ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।
জিডিতে বলা হয়, ১ জানুয়ারি সকাল আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে অফিসের উদ্দেশে বেরিয়ে আর ফেরেননি বিশ্বজিৎ। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ।
মঙ্গলবার সকালে যোগাযোগ করা হলে রমনা থানার ওসি কাজি মাইনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়ে কাজ করছি।”
দুপুরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে ফকিরাপুলে জয়ের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়।
বিকালে জয়ন্ত দেবকে ফোন করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জয়কে ফকিরাপুলের জোনাকী হোটেলে পেয়েছেন তারা।”
কী হয়েছিল- জানতে চাইলে তিনি বলেন, “সে রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিল।”
জয়ন্ত বলেন, সোমবার সকালে বেরিয়ে যাওয়ার পর জয়ের ফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তাকে না পেয়ে উদ্বেগ থেকে পরিবারের পক্ষে জিডি করেছিলেন তিনি।
দুদিন আগে একই রকমভাবে পরিবারের জিডির পর চট্টগ্রামে সন্ধান মেলে ব্র্যাক ব্যাংকের এক কর্মকর্তার। তিনিও আত্মগোপন করেছিলেন।
