২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাবে বাঁধভাঙা উল্লাস, উৎসাহে ভাটা পড়েনি: ডিএমপি কমিশনার

ঢাকা কয়েকটি ক্লাবে নববর্ষের পার্টি দেখার কথা জানিয়ে ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, সেখানে বাঁধভাঙা উল্লাস চলছে, নিরাপত্তা কড়াকড়িতে এই উৎসবে বিঘ্ন ঘটেনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 01:56 AM

Updated : 19 Aug 2022, 01:20 PM

খ্রিস্টীয় নতুন বছর বরণে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় উন্মুক্ত স্থানে উৎসবের আয়োজন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। গত বছর গুলশানে ভয়াবহ জঙ্গি হামলার পর এই আয়োজনে রাশ টানা, যার ধারাবাহিকতা চলছে এবারও।

থার্টি ফার্স্ট নাইটে বাড়ির ছাদসহ কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠানের আয়োজনে নিষেধাজ্ঞা দেয় ঢাকা মহানগর পুলিশ। পটকা বা আতশবাজি ফোটাতেও নিষেধ করা হয়েছিল।

বছরের শেষ রাতের উদযাপন সামনে রেখে রোববার সন্ধ্যা থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে তল্লাশি চালানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এবং হাতির ঝিল এলাকায় সাধারণের প্রবেশে বাধা দেওয়া হয়।

এরইমধ্যে আনন্দ-উদ্দামতায় নতুন বছরকে বরণ করে নিতে টিএসসিতে জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী।

সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, “শুধুমাত্র জননিরাপত্তার কথা বিবেচনা করে এই বিধি-নিষেধ। তবে এতে উৎসাহে ভাটা পড়েনি। আমি কয়েকটি ক্লাবে গিয়েছি। সেখানে মানুষ বাধঁভাঙা আনন্দ করছে।”

নতুন বছরে শান্তি-শৃঙ্খলায় বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।