সাবেক এমপি আনিছসহ ৯ জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের চার অভিযোগ
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. আনিছুর রহমান মানিকসহ নয়জনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
রোববার সকালে ধানমন্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরেন সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান। তার সঙ্গে ছিলেন জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক ও মামলার তদন্ত কর্মকর্তা মতিউর রহমান।
হান্নান খান বলেন, গত ২৬ জানুয়ারি এই মামলার তদন্ত শুরু করা হয়েছিল। এটি নিয়ে এ বছর ৯৩ জন আসামির বিরুদ্ধে ১৩টি মামলার তদন্ত প্রতিবেদন দিয়েছেন তারা।
“আশা করি, আসছে বছরে তদন্ত সংস্থার কাজে আরও গতি বাড়বে। আরও বেশি তদন্ত প্রতিবেদন দিতে পারব আমরা।”
আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, মুক্তিপণ আদায়, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা ও লাশগুমের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের তথ্য-প্রমাণ তদন্তে উঠে এসেছে বলে জানান হান্নান খান।
এসব অপরাধে আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের চারটি অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
আনিছুর রহমান ছাড়া এই মামলার বাকি আট আসামি হলেন- মো. মোখলেছুর রহমান মুকুল (৬৫), মো. সাইদুর রহমান রতন (৫৬), শামসুল হক বাচ্চু (৭০), শামছুল হক ফকির (৭৫), নুরুল হক ফকির (৭০), সুলতান ফকির ওরফে সুলতান মাহমুদ (৫৮), এ বি এম মুফাজ্জল হুসাইন ওরফে মৌলভী মোফাজ্জল হোসেন (৭০) ও নকিব হোসেন আদিল সরকার (৬৫)।
এদের মধ্যে শামসুল হক বাচ্চু ও মুফাজ্জল হুসাইন ওরফে মৌলভী মোফাজ্জল হোসেন কারাগারে আছেন। বাকিরা পলাতক।
আসামিদের একজন বাদে সবাই মুসলীম লীগের কর্মী-সমর্থক ছিলেন বলে জানান তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক।
তিনি বলেন, “আসামিদের মধ্যে এ বি এম মুফাজ্জল হুসাইন শুধু জামায়াতে ইসলামীর সমর্থক। তিনি ২০০৯ সালে ইসলামী ব্যাংক খুলনার জোনাল অফিসে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে যোগ দেন। পরে জোনাল হেড হিসেবে অবসরে যান।”
শিগগির এ প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেওয়া হবে বলে জানান তদন্ত কর্মকর্তা মতিউর রহমান।
সানাউল হক বলেন, আগের দুই বছরের তুলনায় এবার তিনটি মামলা বেশি তদন্ত শেষ হয়েছে। ২০১৫-১৬ তে ১০টি করে মামলার তদন্ত হয়েছিল। এর আগের দুই বছর অর্থাৎ ২০১৩ ও ১৪ সালে সাতটি করে মামলার তদন্ত করে তদন্ত সংস্থা। আর একেবারে শুরুতে ২০১১ সালে সাতটি, ২০১২ সালে তিনটি মামলার তদন্ত হয়েছিল।
সব মিলিয়ে এই সাত বছরে ২২৪ জন আসামির বিরুদ্ধে ৫৭টি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
