২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ’ সাদাতকে গ্রেপ্তারের পর রিমান্ডে পেল পুলিশ

চার মাস আগে ঢাকা থেকে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ব্যবসায়ী সৈয়দ সাদাত আহমেদকে গ্রেপ্তারের কথা জানানোর পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 05:09 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

পুলিশের দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই রোববার তিন দিন মঞ্জুর করেন।

ব্যবসায়িক গ্রুপ এবিএন-এর ব্যবস্থাপনা পরিচালক সাদাত আহমেদ চট্টগ্রাম দক্ষিণ বিএনপির সহ-সভাপতি। বিএনপির বিগত কমিটিতে নির্বাহী সদস্য ছিলেন তিনি।

সাদাতকে গত ২২ অগাস্ট কয়েকজন তুলে নিয়ে যায় বলে তার স্বজনরা জানিয়েছিলেন।  তার চার মাস পর শনিবার রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানায় গোয়েন্দা পুলিশ।

রোববার সাদাতকে আদালতে হাজির করে ২০১৫ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করেন গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মুহম্মদ সাইফুল ইসলাম খান।

ওই মামলার এজাহারে বলা হয়েছ, ২০১৫ সালের ৯ জানুয়ারি মগবাজার আউটার সার্কুলার রোডে সেলিব্রেশন কমিউনিটি সেন্টারের সামনে বিএনপি নেতৃত্বাধীন জোটের অবরোধ কর্মসূচির সময় একটি প্রাইভেট কারে আগুন দেওয়া হলে চালক গুরুতর দগ্ধ হন। ১৫ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই চালক।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়- “দীর্ঘ চেষ্টার পর তদন্তে এই আসামির নাম প্রকাশ পায়। আসামি পলাতক ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে তাকে শনিবার গ্রেপ্তার করা হয়।”

তদন্ত কর্মকর্তা আদালতকে বলেন, “বিএনপির কেন্দ্রীয় কমিটির এই নেতার বিরুদ্ধে নাশকতায় অর্থায়নের প্রমাণ পাওয়া গেছে। তার কাছ থেকে অনেক ব্যাংক চেক ও তিনটি আইফোন উদ্ধার করা হয়েছে। ওই নাশকতার ঘটনায় তিনি প্রত্যক্ষভাবে জড়িত এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে অন্যদের নামও পাওয়া যাবে।”

অন্যদিকে রিমান্ডের বিরোধিতা করে সাদাতের আইনজীবী সৈয়দ মিজানুর রহমান বলেন, “এটি পুলিশের থার্টিফার্স্ট নাইটের একটি উপহার। সাড়ে চার মাস আগে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসার সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছিল সাড়ে চার মাস আগে। ক্যান্টনমেন্ট থানায় অপহরণের বিষয়ে একটি মামলা করা আছে– যেটা পুলিশ অস্বীকার করে না।”         

কাঠগড়ায় দাঁড়ানো সাদাত এ সময় কোনো কথা বলেননি। রাষ্ট্রপক্ষে প্রসিকিউশন পুলিশের জেষ্ঠ্য সহকারী কমিশনার মিরাশ উদ্দিনও আদালতে উপস্থিত ছিলেন।

এই বিএনপি নেতা নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কল্যাণ পার্টির মহাসচিব এ এম এম আমিনুর রহমানও নিখোঁজ হয়েছিলেন। গত সপ্তাহে তাকে উদ্ধারের কথা  জানানোর পর তাকেও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ।

সাদাতকে ‘তুলে নেওয়ার পর’ তার বাবা অবসরপ্রাপ্ত কর্নেল সৈয়দ শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ওই দিন বিকালে ছেলে মেহেদী জামান ও বাসার কেয়ারটেকারকে গাড়িতে নিয়ে বেরিয়েছিলেন সাদাত আহমেদ। বনানী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস তাদের পথরোধ করে এবং মাইক্রোবাস থেকে কয়েকজন এসে সাদাতকে জোর করে নামিয়ে তাদের গাড়িতে তুলে নেয়।

“এরপর ওই মাইক্রোবাসের একজন এসে সাদাতের গাড়ির চালকের আসনে বসেন। দুটি গাড়িই কুড়িল বিশ্বরোডের তিনশ ফুট রাস্তা দিয়ে পূর্বাচলে গিয়ে থামে। সাদাতের গাড়িতে ওই সময়ও তার ছেলে মেহেদী ও কেয়ারটেকার ছিল। পূর্বাচলে সাদাতের গাড়ি থেকে ওই ব্যক্তি নেমে যায়। সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন বলে তার ছেলেকে বলে যান তিনি।”

পরে ওই মাইক্রোবাস নারায়ণগঞ্জের দিকে চলে যায় বলে নাতির বরাত দিয়ে জানিয়েছিলেন শাহাবুদ্দিন আহমেদ।

ধানমণ্ডি ২৭ নম্বরে ২৭৫/জি নম্বর ভবন কনকর্ড রয়েল কোর্টের চতুর্থ তলায় সাদাতের এবিএন গ্রুপের করপোরেট কার্যালয়। এই গ্রুপের অধীনে এশিয়ান বিজনেস নেটওয়ার্ক, এবিএন এভিয়েশন, এবিএন ট্রাভেলস, এবিএন কার্গো, এবিএন প্রোপার্টিজ লিমিটেড, এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল ও কফি চেইন সুগার এন স্পাইস পরিচালিত হয়।

পুরনো খবর:

চার মাস নিখোঁজ ব্যবসায়ী সাদাতকে গ্রেপ্তারের কথা জানাল পুলিশ