ঢাকায় ভোটের আগাম পোস্টার-ব্যানার সরাতে ৭ দিন সময়
এক সপ্তাহের মধ্যে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারের সব সামগ্রী নিজ উদ্যোগে সরাতে বলেছে নির্বাচন কমিশন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে বছরের শেষ দিন বিভাগীয় কমিশনারকে চিঠি পাঠিয়েছেন ইসির যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহম্মদ খান।
সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের শূন্য হওয়া মেয়র পদে নির্বাচন এবং উত্তর ও দক্ষিণের নতুন ৩৬টি ওয়ার্ডে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলের ভোট রয়েছে।
ইসির চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন তফসিল ঘোষণা করে ফেব্রুয়ারির শেষ সপ্তাহের যে কোনো দিন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে।
তফসিল ঘোষণার আগেই উত্তর সিটি করপোরেশনের সম্পূর্ণ এলাকা এবং দক্ষিণের নতুন ১৮টি ওয়ার্ডের আগাম প্রচারসামগ্রী ৬ জানুয়ারি রাত ১২টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে।
“নির্ধারিত সময়ের মধ্যে এসব সরাতে হবে। তা না হলে প্রার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর পোস্টার-ব্যানার কোথাও দেখা গেলে সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা অনুযায়ী তা হবে শাস্তিযোগ্য অপরাধ।
এ অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তির সর্বোচ্চ ছয় মাস কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
নির্বাচনী আইন লঙ্ঘনের জন্য নির্বাচন কমিশন প্রার্থিতাও বাতিল করতে পারে।
