২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটে পেছাচ্ছে এসএসসির দুই দিনের পরীক্ষা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির ৩৬ ওয়ার্ডে ভোটে জন্য আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারির এসএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 01:20 PM

Updated : 19 Aug 2022, 06:15 PM

মঙ্গলবার ঢাকার নির্বাচন ভবনে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান।

তিনি বলেন, ভোটের তারিখ নির্ধারণের জন্য ২৪ ও ২৫ ফেব্রুয়ারি এসএসসিতে নির্ধারিত পরীক্ষা পেছাতে অনুরোধ করা হয়েছিল। ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা তাতে সম্মতি দিয়েছেন।

“বোর্ডের চেয়ারমানরা বলেছেন, পরীক্ষা পেছতে কোনো সমস্যা নেই। তফসিল ঘোষণার পর মার্চে পরীক্ষার নতুন তারিখ দেওয়া হবে।”

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

সম্প্রসারিত সীমানায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদেও একই দিনে ভোট করতে চায় ইসি।

কিন্তু ১ ফেব্রুয়ারি থেকে এবারের এসএসসি পরীক্ষার যে সূচি ঘোষণা করা হয়েছে, তাতে ২৪ ও ২৫ তারিখও পরীক্ষা থাকায় শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে এই বৈঠক ডাকে কমিশন।   

সূচি অনুযায়ী ২৪ ফেব্রুয়ারি ভূগোল ও পরিবেশ এবং ২৫ ফেব্রুয়ারি সংগীত বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হওয়ার কথা ছিল, যা এখন পিছিয়ে যাবে।

নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবহার করতে হয়, শিক্ষকরা থাকেন ভোটগ্রহণ কর্মকর্তার দায়িত্বে। বিষয়টি বিবেচনায় নিয়েই ভোটের তারিখ নির্ধারণ করবে কমিশন।

হেলালুদ্দীন আহমদ বলেন, “সব ধরনের জটিলতা পেরিয়ে তফসিল ঘোষণার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ২৪ ফেব্রুয়ারির পর সুবিধানজনক দিনে ভোটের তারিখ ঠিক করে এই তফসিল হবে।”

নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। তার আগে ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে ভোটের তারিখ চূড়ান্ত হতে পারে বলে আভাস দিয়েছেন ইসি কর্মকর্তারা।

হেলালুদ্দীন বলেন, তফসিল ঘোষণার আগেই জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের নির্বাচনী এলাকায় লাগানো সব ধরনের আগাম পোস্টার ও ব্যানার সরিয়ে ফেলার নির্দেশনা দেবে কমিশন।

পুরনো খবর:

ঢাকা উত্তরে ভোটের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসছে ইসি