২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা উত্তরে ভোটের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বসছে ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপ-নির্বাচন ও দুই সিটির ৩৬ ওয়ার্ডে ভোটের তারিখ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের শীর্ষ ব্যক্তির সঙ্গে বসছেন নির্বাচন কমিশন সচিব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 07:10 PM

Updated : 12 Apr 2022, 12:58 AM

ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান রোববার সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবের সভাকক্ষে এ বৈঠক ডাকা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ঢাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

সভার আলোচ্যসূচিতে বলা হয়েছে, “ঢাকা উত্তরের মেয়রের শূন্য পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডে নির্বাচন উপলক্ষে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটের তারিখ নির্ধারণ বিষয়ক এ আলোচনা হবে।”

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোট করতে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয় গত রোববার কমিশন সভায়।

পরে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছিলেন, মেয়রের শূন্য পদে উপ-নির্বাচনের দিনই সম্প্রসারিত সীমানায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ৩৬টি সাধারণ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।

কমিশন সভায় দুই নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম ও শাহাদাত হোসেন চৌধুরী এসএসসি পরীক্ষা থাকায় শিক্ষা বোর্ডের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে মত দিয়েছিলেন।

এ ধারাবাহিকতায় গত বুধবার ইসির ভারপ্রাপ্ত সচিব  ঢাকা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও ডিসিসি’র সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

ঢাকার আঞ্চলিক নির্বাচন রকিব উদ্দীন মন্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইসির সিদ্ধান্ত পেলে যথাসময়ে সব সরঞ্জাম প্রস্তুত রাখা হবে।

১ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হবে এসএসসি পরীক্ষা। ভোট হলে বোর্ড কর্তৃপক্ষকে পরীক্ষার সময়সসূচি পরিবর্তন করতে হতে পারে।

পরীক্ষাসূচি অনুযায়ী- দ্বিতীয় সপ্তাহ থেকে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি শনিবার,  ১৭ ফেব্রুয়ারি রোববার, ১৯ ফেব্রুয়ারি সোমবার, ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও ২৪ ফেব্রুয়ারি শনিবার পরীক্ষা রয়েছে।

এ সভায় তিনটি বিষয় মাথায় রেখে আলোচনা চলবে বলে জানান সংশ্লিষ্টরা। এরমধ্যে রয়েছে- পরীক্ষার দিন ভোট করতে চাইলে পেছাতে হবে পরীক্ষার তারিখ। কারণ ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে থাকবেন শিক্ষা প্রতিষ্ঠানের বেশিরভাগই শিক্ষক। ভোটের আগে বা পরের দিন পরীক্ষার কথাও বিবেচনায় রাখতে হবে।

ইসি কর্মকর্তারা জানান, ২৫-২৬ ফেব্রুয়ারি উপযুক্ত সময় বিবেচনা করা যেতে পারে।

২৭ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে।

মেয়র নির্বাচনের হালনাগাদ তথ্য

সাধারণ ওয়ার্ড ৫৪, সংরক্ষিত ওয়ার্ড ১৮ ;ভোটকেন্দ্র ১৩৪৯, ভোটকক্ষ ৭৫০০, ভোটার ৩৬ লাখ ৩৪ হাজার ৩৮৬ জন (পুরুষ ১৮,৭৬,৯৩১ নারী ১৭,৫৭,৪৫৫)।

২০১৫ সালে উত্তরে ভোটার ছিল ২৩ লাখ ৪৫ হাজারের বেশি, কেন্দ্র ১০৯৩, সাধারণ ওয়ার্ড ৩৬ ও সংরক্ষিত ওয়ার্ড ১২।

ওয়ার্ডগুলোর তথ্য

ঢাকা জেলা অফিসের নির্বাচন কর্মকর্তা রাজিয়া সুলতানা ৩ ডিসেম্বর কমিশন সচিবকে জানান, ঢাকা উত্তরের ১৮ ওয়ার্ডে সম্ভাব্য ভোটকেন্দ্র ২৫৬; ভোটকক্ষ ১৬৪৮; ভোটার ৫ লাখ ৭৮ হাজার ১৬২ জন (পুরুষ ২,৯২,৪৮৫ নারী২,৮৫,৬৭৭)।

ঢাকা দক্ষিণে সম্ভাব্য ভোটকেন্দ্র ২৩১; ভোটকক্ষ ১২৩১,  ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৮৩২ জন (পুরুষ পুরুষ ২,৪৪,৩৪৮ নারী ২,৩১,৪৮৪ )

পুরনো খবর:

ঢাকা উত্তরে ‘জানুয়ারিতে তফসিল, ফেব্রুয়ারিতে ভোট’