২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এতদিন ছিলাম টি টোয়েন্টিতে, সামনে টেস্ট ম্যাচ: নতুন মুখ্য সচিব

প্রধানমন্ত্রীর নতুন মুখ্য সচিব মো. নজিবুর রহমান বলেছেন, সব মন্ত্রণালয় ও বিভাগকে নিয়ে একসঙ্গে কাজ করার যে ‘বিরল সুযোগ’ তার সামনে এসেছে, সেই দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করতে চান। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 11:47 AM

Updated : 11 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

মুখ্য সচিব হচ্ছেন নজিবুর রহমান

নতুন দায়িত্বের আনুষ্ঠানিক আদেশ হাতে পাওয়ার পর রোববার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব পালন করে আসা এই কর্মকর্তা।

নজিবুর বলেন, “আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এতদিন রাজস্ব আদায় বাড়ানোর কার্যক্রম চালাতে গিয়ে টি টোয়েন্টি খেলেছি। এখন টেস্ট ম্যাচ খেলব।”

সরকারের একাধিক সূত্র দুদিন আগেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছিল, আরও দুই বছর চাকরির মেয়াদ থাকা নজিবুরই নতুন মুখ্য সচিব হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার সকালে আনুষ্ঠানিকভাবে সেই আদেশ জারি করে।

এই দায়িত্বে তিনি কামাল আবদুল নাসের চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন, যার চুক্তির মেয়াদ রোববারই শেষ হচ্ছে।

মুখ্য সচিবের পদটি মন্ত্রিপরিষদ সচিবের সমান মর্যাদার। ওয়ারেন্ট অব প্রিসিডেন্স অনুযায়ী তারা একই পদ মর্যাদার হলেও ক্রম অনুযায়ী মন্ত্রিপরিষদ সচিবের পরে মুখ্য সচিবের নামটি থাকে। একই পদমর্যাদার হলেও সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধানের নাম থাকে তাদের পরে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বদলির আদেশ জারির পরপরই রোববার সকালে সচিবালয়ে নজিবুর রহমানকে বিদায়ী শুভেচ্ছা জানান অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সহকর্মীরা। 

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এতদিন নিষ্ঠার সঙ্গে যে কাজ করেছি, জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তার মূল্যায়ন করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন। আমি নিষ্ঠার সঙ্গে এই দায়িত্ব পালন করব।”

১৯৮২ নিয়মিত ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজিবুর রহমান অভ্যন্তরীণ সম্পদ বিভাগে আসার আগে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

জাতিসংঘ স্থায়ী মিশনের ইকোনমিক মিনিস্টার এবং ইউএনডিপির সহকারী আবাসিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকা নজিবুর রহমান এক সময় প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর একান্ত (পিএস) সচিবের দায়িত্বও পালন করেছেন।

এমন এক দিনে নজিবুর রহমান মুখ্য সচিব হিসেবে নিয়োগের আদেশ পেলেন, যে দিনটি তার জন্মদিন।

১৯৬০ সালের ৩১ ডিসেম্বর সুনামগঞ্জের ছাতকে জন্মগ্রহণ করা এই সরকারি কর্মকর্তা লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যাবেন।