২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী আব্দুল আলীমকে স্মরণ

আর্থিক অনটনের পরেও শিল্পী আব্দুল আলীম লোকসঙ্গীতকে অন্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন বলে মন্তব্য করেছেন কবি-গীতিকবি মোহাম্মদ রফিকুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 02:23 AM

Updated : 11 Oct 2022, 02:53 PM

পুরনো খবর:

'দ্বিতীয় আবদুল আলীম হওয়া সম্ভব নয়'

শনিবার বিকালে জাতীয় জাদুঘরে আব্দুল আলীমের স্মরণসভায় তিনি বলেন, “বাংলা লোক সঙ্গীতের এই অমর শিল্পী লোকসঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল।

বাল্যকাল থেকেই আব্দুল আলীম সঙ্গীতের প্রবল অনুরাগী ছিলেন। অর্থনৈতিক অনটনের কারণে কোনো শিক্ষকের কাছে গান শেখার সৌভাগ্য তার হয়নি। তিনি অন্যের গাওয়া গান শুনে গান শিখতেন; আর বিভিন্ন পালা পার্বণে সেগুলো গাইতেন। এভাবে পালা পার্বণে গান গেয়ে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন এবং শিল্পীপুত্র ও লোকশিল্পী আজগর আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।

দেশভাগের পর আবদুল আলীম ঢাকা এসে বেতার-শিল্পীর মর্যাদা লাভ করেন। এখানে বেদারউদ্দীন আহমদ, ওস্তাদ মোহাম্মদ হোসেন খসরু, মমতাজ আলী খান, আব্দুল লতিফ, কানাইলাল শীল, আব্দুল হালিম চৌধুরীর কাছে তিনি লোকসংগীত ও উচ্চাঙ্গ সংগীতে দীক্ষা নেন।

মাত্র ১৩ বছর বয়সে ১৯৪৩ সালে আব্দুল আলীমের গানের প্রথম রেকর্ড হয়। রেকর্ডকৃত গান দুটি হল ‘তোর মোস্তফাকে দে না মাগো’ এবং ‘আফতাব আলী বসলো পথে।

Image
সাংস্কৃতিক দলের সদস্য হয়ে ১৯৬৬ সালে চীন সফর করেন আবদুল আলীম।

সাংস্কৃতিক দলের সদস্য হয়ে ১৯৬৬ সালে চীন সফর করেন আবদুল আলীম।

এই শিল্পীকে নিয়ে তাসমিমা হোসেন বলেন, “এত অল্প বয়সে গান রেকর্ড হওয়া সত্যিই বিস্ময়কর। পরে তা আর বিস্ময় হয়ে থাকেনি, তিনি হয়ে উঠেছিলেন বাংলার লোকসঙ্গীতের এক অবিসংবাদিত-কিংবদন্তি পুরুষ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মফিদুল হক বলেন, “আব্দুল আলীমের গানের সংখা প্রায় ৫০০ হবে। তার গানে বিরহ-বেদনা-বিচ্ছেদ ফিরে ফিরে এসেছে। প্রেমে, প্রকৃতিতে, ভক্তিতে সংগীতের মাধ্যমে এক অনির্বচনীয় লোকের সন্ধান দিয়েছেন তিনি। দরদভরা মায়াময় সুরের আহ্বানে জীবন ও মৃত্যুকে তিনি নিঃসংশয় করতে শিখিয়েছেন। নিজস্ব গায়কি ও সুর-মাধুর্যের গুণে আব্দুল আলীম ছিলেন একজন অনন্য সাধারণ শিল্পী।

আব্দুল আলীম ঢাকার সংগীত মহাবিদ্যালয়ে লোকগীতি বিভাগে কিছুদিন শিক্ষকতা করেন।বেতার,  টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি মাধ্যমে গান গেয়ে তিনি যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন। কলকাতা, মিয়ানমার, চীন ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন সফর করে তিনি বিদেশিদের কাছে বাংলা লোক সংগীতকে পরিচিত করেন।

আবদুল আলীম মারফতি-মুর্শিদি গানে খ্যাতি কুড়িয়েছিলেন।

সংগীতে বিশেষ অবদানের জন্য তিনি একুশে পদক (মরণোত্তর, ১৯৭৭), পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার এবং বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার লাভ করেন।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে শিল্পীপুত্র ও লোকশিল্পী আজগর আলীম তার বাবার গাওয়া বেশ কয়েকটি গান পরিবেশন করেন।