ওড়িশি নিক্কণের পর বাঁশির মাদকতায় নামল যবনিকা
চক্ষু সঞ্চালন আর অপূর্ব দেহভঙ্গিমায় ওড়িশি নৃত্যের ঝঙ্কার তুললেন বিদূষী সুজাতা মহাপাত্র। তারপর বিশ্বমোহনের মোহন বীণা, কৈবল্যকুমার-কুশল দাস-কল্যাণজিতের সেতার আর সবশেষে হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশিতে শেষ হল শাস্ত্রীয় সংগীতের ষষ্ঠ উৎসব।
বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে ঢাকার ধানমণ্ডির আবাহনী মাঠে এ উৎসবের শেষ দিনের পরিবেশনা শুরু হয় শনিবার সন্ধ্যা ৭টায়। শুরুতেই মঞ্চে আসেন ওড়িশি নৃত্যশিল্পী সুজাতা মহাপাত্র। প্রথম নিবেদনে তিনি পরিবেশন করেন ‘অর্ধনারীশ্বর’, ওড়িশি নৃত্যে ফুটিয়ে তোলেন শিব-পার্বতীর অপূর্ব দেহভঙ্গিমা।
‘অর্ধনারীশ্বর’ প্রভুর অর্ধেক শরীর পুরুষ, অর্ধেক নারী। নৃত্য প্রযোজনায় তেজোদীপ্ত, শক্তিমান, ভয়ঙ্কর মহাদেবের ডান অর্ধ এবং সুন্দরী-লাবণ্যময়ী পার্বতীর বাম অর্ধের বিভিন্ন রূপ তুলে ধরা হয়। দুই ধাপের এ নাচে পর্যায়ক্রমে নারীর কোমল লাস্য ভঙ্গিমা এবং তেজোদীপ্ত পুরুষের তাণ্ডব তুলে ধরেন শিল্পীরা।
রাগ মল্লিকা ও তাল মল্লিকার এ পরিবেশনার নৃত্যরচনা ও পরিচালনা করেন পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্র এবং সংগীতে ছিলেন পদ্মশ্রী রঘুনাথ পানিগ্রাহী ও পণ্ডিত ভূবনেশ্বর মিশ্র।
‘অর্ধনারীশ্বর’ প্রযোজনায় বিদূষী সুজাতা মহাপাত্রের সঙ্গে ছিলেন তারই শিষ্য সৌম্যরঞ্জন যোশি। কণ্ঠ দেন রূপক কে পারিদা, বেহালায় ছিলেন রমেশ চন্দ্র দাস, পাখাওয়াজে একলব্য মুদুলি।
শাস্ত্রীয় সংগীত উৎসব- এর সমাপনী দিনে ওড়িশি নৃত্যে ‘রামায়ণ’- এর ‘সীতাহরণ’ পর্ব উপস্থাপনায় ভারতীয় নৃত্যশিল্পী বিদুষী সুজাতা মহাপাত্র। ছবি--জয়ন্ত সাহা
কোরিওগ্রাফিতে কেলুচরণ মহাপাত্র তার নিজস্ব শব্দশৈলীকে কাজে লাগিয়ে রাম, সীতা, লক্ষ্মণ, রাবণ আর জটায়ু চরিত্রের জন্য বিভিন্ন ধ্বনি সৃজন করেছেন।
এরপর আসরে মোহন বীণা পরিবেশন করেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী শিল্পী বিশ্বমোহন ভট্ট। ২০-তারের হাওয়াই গিটারকে তিনি পরিণত করেছেন মোহনবীণায়। ওয়েস্টার্ন হাওয়াই গিটারের সঙ্গে বীণার মেলবন্ধনে সুর সৃজনের স্বীকৃতি হিসেবে তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ খেতাবেও ভূষিত হয়েছেন।
ঢাকার শ্রোতাদের জন্য মোহন বীণায় তিনি পরিবেশন করেন রাগ ‘মরু বেহাগ’ ও ধুন। তবলায় সঙ্গত দেন সুভেন চ্যাটার্জি। মোহন বীণার পর খেয়াল পরিবেশনায় রাগ ‘যোগ’ নিয়ে আসেন ব্রজেশ্বর মুখার্জি। একটি ঠুমরীও তিনি শোনান। তবলায় তার সঙ্গে ছিলেন শুভঙ্কর ব্যানার্জি, হারমোনিয়ামে গৌরব চ্যাটার্জি এবং তারপুরায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী এসএম আশিক আলভি ও অপূর্ব কর্মকার।
এরপর সেতারের যুগলবন্দি নিয়ে মঞ্চে আসেন পিতা-পুত্র পণ্ডিত কুশল দাশ ও কল্যাণজিত দাশ। তারা সেতারে যোগ কোষ পরিবেশন করেন। তবলায় সঙ্গত দেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি।
যুগলবন্দি পরিবেশনার পর খেয়াল পরিবেশন করেন পণ্ডিত কৈবল্য কুমার। তিনি রাগ গোরখ কল্যাণ ও খাম্বাজ রাগে ঠুমরী পরিবেশন করেন। শিল্পীকে তবলায় সঙ্গত করেন শ্রীধর মন্দ্রে, হারমোনিয়ামে ড. সুধাংশু কুলকার্নি, তানপুরায় বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিক্ষার্থী উজ্জ্বল কুমার মালাকার ও অভিজিৎ দাশ।
এবারের শাস্ত্রীয় সংগীতের আসরের সমাপ্তি ঘটে পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার বাঁশির সুরে। তিনি প্রথমে রাগ ‘ললিত’ পরিবেশন করেন। ভোরবেলার রাগ ললিতে কোমল ঋষভ আর কোমল ধৈবতের আরোহ-অবরোহে মন্ত্রমুগ্ধ করে রাখেন শ্রোতাদের।
আবাহনী মাঠের কোথাও তখন তিলধারণের ঠাঁই নেই। হাজারও শ্রোতার ভিড়, তবু পিনপতন নীরবতা।
শাস্ত্রীয় সংগীত উৎসব- এর সমাপনী দিনে ওড়িশি নৃত্যে ‘অর্ধনারীশ্বর’ পরিবেশনায় বিদুষী সুজাতা মহাপাত্রে ও সৌম্যরঞ্জন যোশি। ছবি-জয়ন্ত সাহা
শুধু ঢাকায় নয়, শাস্ত্রীয় সংগীত উৎসবকে ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে নিয়ে যাওয়ার আহ্বান জানান সমাপনী আসরের বিশেষ অতিথি ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন।
আলোচনা পর্বে তার সঙ্গে অংশ নেন ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদ, অধ্যাপক আনিসুজ্জামান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু।
ফজলে হাসান আবেদ বলেন, “সুরের জগতে তারকা শিল্পীদের পরিবেশনা আমাদের অনাবিল আনন্দে মন ভরিয়ে দিয়েছে।”
সন্জীদা খাতুন বলেন, “আমার যেখান থেকে বাধা পাই, যেখান থেকে আমাদের ওপরে বোমা নিক্ষেপ করা হয়, সেখানে সংস্কৃতির শক্তি নিয়ে প্রতিহত করতে চাই। সর্বস্তরের মানুষকে সংস্কৃতির আলোয় আলোকিত করতে হবে। ধ্বংস নয়, মানুষকে ভালোবাসাই যে সবচেয়ে বড় কথা- এই বার্তা নিয়ে আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে।”
অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “বাংলাদেশের উচ্চাঙ্গ সংগীতের ধারাটি যখন ক্ষীণ থেকে ক্ষীণতর হচ্ছে তখন বেঙ্গল ফাউন্ডেশনের শাস্ত্রীয় সংগীতের সম্মেলন সেই ধারার পুনরুজ্জীবন দান করেছে। এ বছর উৎসবে ভারত উপমহাদেশের বাইরেও কাজাখস্তানের অর্কেস্ট্রা দল এসেছে। তার মানে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব নিজেকে ছাড়িয়ে যাচ্ছে।”
