বছরের শেষ রজনীর কড়াকড়ি যেসব পথে
বছরের শেষ রাতের উদযাপন ঘিরে বিশৃঙ্খলা ঠেকাতে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
রাজধানীতে বাড়ির ছাদসহ যে কোনো উন্মুক্ত স্থানে অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে পটকা ও আতশবাজি।
পুলিশ বলেছে, রোববার সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীর কোনো বার খোলা রাখা যাবে না। কোনো চালকের আচরণে সন্দেহ হলে ব্রেথ টেস্টেরও (অ্যালকোহল পরীক্ষার জন্য) ব্যবস্থা থাকবে।
রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে থাকতে দেওয়া হবে না। এছাড়া ঢাকা বিশববিদ্যালয়, গুলশান-বনানী এবং বারিধারা এলাকায় ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি ভোর পর্যন্ত যানবাহন চলাচলে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।
রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা কেবল শাহবাগ ক্রসিং ও নীলক্ষেত ক্রসিং দিয়ে পরিচয়পত্র দেখিয়ে যানবাহন নিয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে পারবেন।
পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তি বা যানবাহনকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।
পলাশী ক্রসিং, ভাস্কর্য ক্রসিং, বকশী বাজার ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং এবং শহীদুল্লাহ হল ক্রসিং দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না।
হাই কোর্ট পয়েন্ট থেকে আসা যানবাহন দোয়েল চত্বরের বাঁয়ে মোড় নিয়ে শহীদুল্লাহ হল হয়ে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বের হয়ে যেতে পারবে।
গুলশান, বনানী ও বারিধারায় প্রবেশের সকল রাস্তা রাত ৮টার পর থেকে বন্ধ করে দেওয়া হবে। তবে ওই এলাকায় বসবাসকারীদের জন্য কামাল আতাতুর্ক এভিনিউ (কাকলী ক্রসিং) এবং আমতলী ক্রসিং (মহাখালী) খোলা রাখা হবে। ওই সব এলাকায় বসবাসকারীদের রাত ৮টার মধ্যে নিজেদের এলাকায় ফিরে আসার অনুরোধ করেছেন পুলিশ কমিশনার।
তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা-ফিনিক্স রোড ক্রসিং, বনানী ১১ নম্বর রোড, চেয়ারম্যান বাড়ি ক্রসিং, শ্যুটিং ক্লাব, বাড্ডা লিংক রোড, ডিওএইচএস বারিধারা-ইউনাইটেড হাসপাতাল ক্রসিং ও নতুন বাজার ক্রসিং হয়ে গুলশান, বনানী বা বারিধারায় প্রবেশ করা যাবে না। তবে ওইসব পথ দিয়ে বের হওয়া যাবে।
সড়ক ব্যবহার সংক্রান্ত জরুরি প্রয়োজনে উপ কমিশনার- ট্রাফিক নর্থ (ফোন ০১৭১৩৩৭৩২২৫), অতিরিক্ত উপ কমিশনার- ট্রাফিক নর্থ (০১৭১৩৩৭৩২২৬), সহকারী কমিশনার- ট্রাফিক গুলশান (০১৭১৩৩৯৮৪৯৭), সহকারী কমিশনার- ট্রাফিক উত্তরা (০১৭১৩৩৯৮৪৯৮), উপ কমিশনার- ট্রাফিক সাউথ (০১৭১৩৩৭৩২২৩), অতিরিক্ত উপ কমিশনা- ট্রাফিক সাউথ (০১৭১৩৩৭৩২২৪), উপ কমিশনার গুলশান (০১৭১৩৩৭৩১৬৬) এবং উপ কমিশনার উত্তরা (০১৭১৩৩৭৩১৫৬) এর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
