কেন্দ্রীয় ব্যাংক অভিমুখে বাম দলের মিছিলে পুলিশের বাধা
ব্যাংক ও আর্থিক খাতের ‘দুর্নীতি-লুটপাটের প্রতিবাদে’ বাংলাদেশ ব্যাংক অভিমুখে বাম দলগুলোর মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা কর্মীরা বুধবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হন।
পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের দিকে যাত্রা শুরু করেন। দৈনিক বাংলা মোড় পার হওয়া মাত্র মিছিলটি পুলিশের বাধার মুখে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীরা বাধা ডিঙাতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।
বাম নেতারা সমাবেশে বলেন, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে ‘চুরি, দুর্নীতি লুটপাট ও অর্থপাচারের’ প্রতিবাদেই তাদের এ কর্মসূচি।
সাইফুল হক বলেন, “ফার্মার্স ব্যাংক ব্যাংকিং খাতে লালবাতি জ্বালিয়ে দিয়েছে। এই ব্যাংকটি আবার চালু করার পাঁয়তারা চলছে। একটি জরিপ করে দেখা গেছে বাংলাদেশে এখন অর্ধেকেরও বেশি ব্যাংক দেউলিয়া ঘোষণা করার মতো অবস্থায় আছে।”
বাম মোর্চার সমন্বয়ক বলেন, “বিদেশকে সেকেন্ড হোম বানিয়ে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করা হচ্ছে। খালেদা জিয়ার ২০০ কোটি টাকা পাচারের বিচার হচ্ছে। অথচ ওই সময় যে আরও হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে এবং গত নয় বছরেও যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এসবের বিচারও করতে হবে।”
তিনি বলেন, “বাংলাদেশে যুদ্ধাপরাধীদের মত বিদেশের অর্থ পাচারকারীদেরও বিচার হবে।”
সিপিবির সাধারণ সম্পাদক শাহ আলম সরকারের সমালোচনা করে বিদেশে অর্থ পাচারকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
বাসদ নেতা রাজেকুজ্জামান রতন বলেন, “গত এক বছরে ৭৩ হাজার কোটি টাকা পাচার হয়েছে। সরকারই টাকা পাচারের সুযোগ করে দিচ্ছে।”
কিছু ছাত্রলীগ নেতাও গত কয়েক বছরে ‘কোটিপতি’ হয়ে গেছেন বলে মন্তব্য করেন তিনি।
অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি নেতা সাজ্জাদ জহির চন্দন সমাবেশে বক্তব্য দেন।
মিছিলে বাধা দেওয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা একটা বাণিজ্যিক এলাকা। অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এখানে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে মিছিল নিয়ে যেতে দেওয়া যায় না।
