২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবালয়ে মন্ত্রী নানার সঙ্গে নাতির খুনসুটি

কখনো ফাইল ধরে টানাটানি, কখনো চেয়ার বসা নানার কোলে উঠে গলা জড়িয়ে ধরা। পরক্ষণেই এটা-ওটা নিয়ে ছোটাছুটি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2017, 06:57 PM

Updated : 11 Oct 2022, 02:52 PM

মঙ্গলবার সচিবালয়ের ছয় নম্বর ভবনের সাত তলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারের দপ্তরে দেখা গেছে এ চিত্র।

মেয়ের ঘরের নাতি আফিফ ইবাদুল্লাহ হাসানকে সঙ্গে নিয়ে মঙ্গলবার সচিবালয়ে আসেন ফিজার।

কয়েকজন সাংবাদিক কক্ষে প্রবেশ করতেই মন্ত্রীর কোলে উঠে বসে ইংরেজি মাধ্যমের স্কুল সানবিম-এ পড়ুয়া আফিফ। নানার গলা জড়িয়ে ধরে শুরু হয় তার গল্প।

সচিবালয়ে আসার পাস আছে- ‍দুষ্টুমি করে একজন সাংবাদিক জানতে চাইলে খানিকটা চিন্তায় পড়ে যায় আফিফ, তাকায় নানার মুখের দিকে। এসময় মন্ত্রী বলেন, “বল যে নানার সঙ্গে এসেছি।”

কক্ষে টাঙানো শেখ মুজিবুর রহমানের ছবি দেখিয়ে ওটা কার ছবি জানতে চান ফিজার। কোন ছবি নিশ্চিত হতে জবাব আসে, “চশমা পড়াটা?” হ্যাঁ বোধক উত্তর পেয়ে আফিফ বলে, “বঙ্গবন্ধুর।”

নাতিকে কোলো বসিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণশিক্ষা মন্ত্রী। প্রাথমিকের শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে বলতে আসে অর্থ মন্ত্রণালয়ের প্রসঙ্গ।

অর্থমন্ত্রী হবা? নাতিকে মন্ত্রী এই প্রশ্ন করলে জবাব আসে, “না।”

দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় জন্ম নেওয়া ফিজার একাত্তরে সাত নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধে অংশ নেন। ছয়বারের এই সংসদ সদস্য দুই কন্যা সন্তানের জনক।