২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির আইনজীবী নেতার জামিন করিয়ে নিলেন আ. লীগের আইনজীবী নেতা

গাড়ি ভাংচুর ও পুলিশের দিকে ইট ছোড়ার এক মামলায় ঢাকার আদালতে বিএনপি সমর্থক এক আইনজীবী নেতার জামিন করিয়ে নিয়েছেন আওয়ামী লীগ সমর্থক এক আইনজীবী নেতা।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2017, 06:20 PM

Updated : 19 Aug 2022, 06:14 PM

ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি সমর্থক আইনজীবী  মো. ইকবাল হোসেন রোববার আদালতে আত্মসমর্পণ করে মামলা দুটিতে জামিনের আবেদন করেন।

আদালতে তার জামিনের পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী নেতা সাইদুর রহমান মানিক। 

প্রতিপক্ষ রাজনৈতিক দলের সমর্থক ইকবালের জামিন চেয়ে সাইদুর বলেন, “তিনি একজন জ্যেষ্ঠ আইনজীবী। তার সাংস্কৃতিক মান অনুযায়ী তার পক্ষে এই ধরনের ঘটনা ঘটানো সম্ভব নয়।”

শুনানি শেষে মহানগর হাকিম আহসান হাবিব ৫ হাজার টাকা মুচলেকায় ইকবালের জামিন মঞ্জুর করেন।

গত বুধবার দুর্নীতির দুই মামলায় হাজিরা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বকশী বাজারের আদালত থেকে যাওয়ার সময় কয়েকটি স্থানে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। ওই সময় কয়েকটি গাড়ি ভাংচুর এবং পুলিশের দিকে ইট ছোড়া হয়।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা করে। একটিতে আসামির সংখ্যা ৯৪ জন এবং অন্যটিতে ১০৪ জন। মামলায় আসামিদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ থেকে সরকারবিরোধী স্লোগান দিয়ে যানবাহন ভাংচুর, পুলিশের কাজে বাধা এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ইট ছোড়ার অভিযোগ আনা হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শওকত মাহমুদ, এ জেড এম জাহিদ হোসেন, আসাদুজ্জামান রিপন, হেলেনা জেরিন খান, শিরীন সুলতানা, শামা ওবায়েদের সঙ্গে ইকবালসহ কয়েকজন বিএনপি সমর্থক আইনজীবীকেও আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই মোহাম্মদ শরীফ জানিয়েছেন, দুই মামলার সাতজন আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।