তথ্য না দেওয়ায় পৌরসভা সচিবকে জরিমানা
তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য না দেওয়ায় নোয়াখালীর চাটখিল পৌরসভার সচিব মো. আলতাফ হোসেনকে দুই হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন।
একই সঙ্গে আগামী দশ দিনের মধ্যে ওইসব তথ্য-উপাত্ত তথ্যপ্রার্থীকে দিতেও কমিশন নির্দেশ দিয়েছে বলে রোববার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চাটখিল পৌর মার্কেট নির্মাণে মন্ত্রণালয়ের অনুমোদিত নকশার ফটোকপি, নকশায় কতটি দোকান উল্লেখ আছে, কতটি দোকান নির্মাণ করা হয়েছে, দোকান বরাদ্দের চুক্তির ফটোকপি এবং পৌরসভার মার্কেট নির্মাণের সব খরচের ভাউচারের ফটোকপি চেয়ে তথ্য কমিশন আইনে চাটখিল পৌরসভার সচিবের কাছে আবেদন করেছিলেন মৃণাল কান্তি বিশ্বাস নামের এক ব্যক্তি।
পৌরসভা সচিব এসব তথ্য না দিলে পরবর্তীতে মৃণাল আপিল করেন। এরপরও তথ্য না পেয়ে কমিশনে অভিযোগ করেন তিনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয়পক্ষের উপস্থিতিতে শুনানিতে চাটখিল পৌরসভার সচিব আলতাফকে দুই হাজার টাকা জরিমানা এবং দশ দিনের মধ্যে ওইসব তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
প্রধান তথ্য কমিশনার অধ্যাপক মো. গোলাম রহমান এবং তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার শুনানিতে উপস্থিত ছিলেন।
