সমৃদ্ধ দেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চাই: প্রধানমন্ত্রী
উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সব ধর্মের নাগরিকদের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বড়দিন উপলক্ষ্যে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটাকে আমরা গড়ে তুলতে চাই; আরও উন্নত সমৃদ্ধ করে। সেজন্য, আপনাদের সহযোগিতা চাই।”
“এই দেশটা আমাদের, সকলের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেরই দেশ।”
বাংলাদেশের অসম্প্রদায়িক চেতনার কথা উল্লেখ করে তিনি বলেন, “এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। সকলে মিলে এক সাথে আমরা কাজ করব। দেশকে গড়ে তুলব। আমরা এই নীতিতে বিশ্বাস করি।”
মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী আরো বলেন, “যারা শহীদ হয়েছেন; সেই শহীদের রক্ত কোন ধর্ম সেটা তো বড় কথা না। সকলের ধর্ম মিলেমিশে একাকার হয়ে গেছে এ দেশের স্বাধীনতা অর্জনে। সেই দেশকে আমরা গড়ে তুলতে চাই।
তিনি আরো বলেন, “বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার। যে কোনো উৎসব আসলে সম্মিলিতভাবে আমরা শরীক হই। আমরা চাই সব সময় বাংলাদেশে এই চেতনাটাই যেন সমুন্নত থাকে।”
পরে প্রধানমন্ত্রী সবাইকে সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।
