সিঁড়ি উঠছে মৌচাক ফ্লাইওভারে
ব্যতিক্রমী সিগন্যাল ব্যবস্থার পর এবার সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যদের উঠানামার জন্য সিঁড়ি বানানো হচ্ছে রাজধানীর মৌচাক-মগবাজার ফ্লাইওভারে।
মালিবাগ চৌরাস্তার কাছে সড়ক বিভাজক থেকে ফ্লাইওভারে উঠার জন্য সিঁড়িটি নির্মিত হচ্ছে।
বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, মালিবাগ চৌরাস্তায় সড়ক বিভাজক থেকে চারটি ট্রাস (লোহার এঙ্গেল দিয়ে বানানো কাঠামো) উপরের দিকে উঠে গেছে। এর সঙ্গে বানানো হচ্ছে সিঁড়ি। মূল কাঠামো নির্মাণের পর চলছে সিঁড়িতে বেড়া দেওয়ার কাজ। কর্মীরা লোহার অংশ ঝালাই দিয়ে সিঁড়ির দুপাশে বেড়া দিচ্ছেন।
সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখা যায়, ট্রাসের উপর লোহার পাটাতন দেওয়া হয়েছে। পাটাতনের উপর থেকে আরেকটি সরু রাস্তা বানানো হয়েছে। এটি দিয়ে ফ্লাইওভারের উপরের ট্রাফিক সিগন্যালে নামা যায়।
কর্মরত শ্রমিকরা জানান, এই পাটাতনের উপর ট্রাফিক পুলিশ বক্স বানানো হবে।
ফ্লাইওভারের মৌচাক-মালিবাগ অংশের নির্মাতা প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলজিইডির নির্দেশে তারা মৌচাক ও মালিবাগ অংশে দুটি সিঁড়ি এবং উপরে ট্রাফিক পুলিশের বক্স বানিয়ে দিচ্ছেন।
“এটা ডিপার্টমেন্টের ডিমান্ড, আমাদের কিছু না। আমাদের যদি বলে যে, এইখানে সিঁড়ি বানিয়ে দেন, বানিয়ে দেব। যদি বলে ভাইঙ্গা ফেল, কালকে সকালে ভাইঙ্গা ফেলব।”
ট্রাফিক পুলিশের অনুরোধে সিঁড়ি বানানো হচ্ছে বলে জানান মৌচাক-মগবাজার প্রকল্পের ব্যবস্থাপক সুশান্ত কুমার পাল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই সিঁড়ি দিয়ে শুধু পুলিশ সদস্যরা উঠানামা করবেন।
এর আগে চলতি বছরের শুরুতে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ীতে তিনটি ইস্পাতের সিঁড়ি বানায় নির্মাতা প্রতিষ্ঠান ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার। সে সময় বলা হয়েছিল, যাত্রীদের উঠানামার সুবিধার জন্য এসব সিঁড়ি বানানো হয়েছে।
১১ জুলাই সিঁড়িগুলো বন্ধ করে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
