আমিরাতের আরও বিনিয়োগ চান রাষ্ট্রপতি
সংযুক্ত আরব আমিরাতের সরকার ও উদ্যোক্তাদের বাংলাদেশের অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি এবং পর্যটনসহ বিভিন্ন খাতে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বৃহস্পতিবার বিকালে ঢাকায় নিযুক্ত আরব আমিরাতের বিদায়ী রাষ্ট্রদূত সাঈদ বিন হাজর আল-সেহি বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।
সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি নিতে বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা চান।”
বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা যাতে আরব আমিরাতে অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন সেলক্ষ্যে দুই দেশের মধ্যে চুক্তি করতেও রাষ্ট্রদূতের সহযোগিতা চান আবদুল হামিদ।
‘দুবাই এক্সপো-২০২০’ এর উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশাল এই ‘গ্লোবাল ইভেন্ট’ আয়োজনে ইউএই সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
প্রেস সচিব জানান, বাংলাদেশে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালনে বিদায়ী দূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্রদূতের উদ্যোগের কারণে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।
রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে বিদায়ী দূত সবসময় কাজ করে যাবেন।
বিদায়ী রাষ্ট্রদূত এসময় গত চার বছরে ঢাকায় তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য আবদুল হামিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশা করেন সামনের দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে।
