আপন মালিক তিন ভাইয়ের মুক্তি হচ্ছে না এ বছর
মুদ্রা পাচারের তিন মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে দেওয়া হাই কোর্টের জামিন আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
বৃহস্পতিবার এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আবেদন শুনে বিচারপতি মির্জা হোসেইন হায়দারের অবকাশকালীন চেম্বার আদালত আগামী ২ জানুয়ারি পর্যন্ত হাই কোর্টের জামিন স্থগিত করে দেন।
ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে।
আদালতে আপন জুয়েলার্সের মালিকদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।
পরে বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে সাজু বলেন, রাষ্ট্রপক্ষের আবেদনে গত ১৮ ডিসেম্বর আপন জুয়েলার্সের মালিক তিন ভাইকে হাই কোর্টের দেওয়া জামিন বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করেছিলেন চেম্বার আদালত। সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়েছে ২ জানুয়ারি পর্যন্ত।
গত ১৪ ডিসেম্বর আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিম এবং তার দুই ভাই গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে একটি করে মামলায় জামিন দেয় হাই কোর্ট।
আর দিলদার আহমেদের বিরুদ্ধে উত্তরা ও ধানমন্ডি থানার আরও দুটি মামলায় জামিনের বিষয়ে আদেশ ১ মাসের জন্য মুলতবি রাখা হয়।
এর আগে ২২ নভেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাই কোর্ট।
বনানীর একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানের নামে ডেকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত মে মাসে গ্রেপ্তার হন আপন জুয়েলার্সের মালিক দিলদারের ছেলে সাফাত আহমেদ।
ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড় শুরু হলে আপন জুয়েলার্সের ‘অবৈধ লেনদেন’ এর খোঁজে তদন্তে নামে শুল্ক গোয়েন্দা বিভাগ।
এরপর মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯ টি হীরার অলঙ্কার জব্দ করে তা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়।
এ বিষয়ে অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ বিভিন্ন অভিযোগে গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করা হয়।
দুই মামলায় গত ২২ আগস্ট তিন ভাই হাই কোর্ট থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। এরপর বিচারিক আদালতে হাজিরা না দেওয়ায় গত ২৩ অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।
পরদিন আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠায় আদালত। এর বিরুদ্ধে হাই কোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন আপন জুয়েলার্সের মালিক তিন ভাই।
প্রাথমিক শুনানি নিয়ে ২২ নভেম্বর আপন জুয়েলার্সের মালিকদের কেন জামিন দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল দিয়েছিল হাই কোর্ট। তারপর গত ১৪ ডিসেম্বর হাই কোর্ট তিন ভাইকে তিন মামলায় জামিন দিলেও তা চেম্বার আদালতে স্থগিত হয়ে যায়।
