কুয়াশায় বিঘ্নিত উড়োজাহাজ ওঠানামা
কুয়াশার কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা টানা তৃতীয় দিনের মত বিঘ্নিত হয়েছে।
সিভিল এভিয়েশন অথরিটির জনসংযোগ কর্মকর্তা একেএম রেজাউল করিম বলেন, কুয়াশার কারণে রাত ২টার পর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট অপারেশন চালানো যায়নি।
ইতিহাদের একটি কার্গো উড়োজাহাজ কুয়াশার সকালে ঢাকায় নামতে পারেনি। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকায় নামতে না পেরে চলে গেছে চট্টগ্রামে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম শাকিল মেরাজ বলেন, “ঘন কুয়াশায় বিমানসহ বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলে সমস্যা হচ্ছে।”
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে বিমানের সিঙ্গাপুর, জেদ্দা, কক্সবাজার, সৈয়দপুরগামী চারটি ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি।
ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জিএম কামরুল ইসলাম বলেন, “কুয়াশায় অপারটর ও যাত্রীদের খুব সমস্যা হচ্ছে। অভ্যন্তরীণ রুটের ফ্লাইটগুলো সকালে থাকে বলে তাদের বেশি সমস্যায় পড়তে হয়।”
এর আগে কুয়াশার কারণে বুধবার রাত ১২টা ৪০ থেকে সকাল ১০টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে বাধ্য হয় সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
ওই দশ ঘণ্টায় বিভিন্ন আন্তর্জাতিক রুটের অন্তত ২০টি ফ্লাইট নামার সূচি ছিল। এর মধ্যে অন্তত ছয়টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে অন্য বিমানবন্দরে চলে যায়।
এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, চায়না সাউদার্ন, এমিরেটস, মালিন্দো এয়ার, কুয়েত এয়ার ও এয়ার এশিয়ার ফ্লাইটও ছেড়ে যায় নির্ধারিত সময়ের অনেক পরে।
আর সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে বিভিন্ন গন্তব্য থেকে আসা অন্তত ২০টি উড়োজাহাজ নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে ব্যর্থ হয়।
