২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিকদের বিরুদ্ধে এমপির মামলার নিন্দায় বিএফইউজে-ডিইউজে

বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম এবং স্টাফ রিপোর্টার রুহুল আমিন রাসেলের বিরুদ্ধে পটুয়াখালী নারী সংসদ সদস্য লুৎফুন্নেছার করা মানহানি মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএফইউজে ও ডিইউজে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2017, 11:26 PM

Updated : 19 Aug 2022, 06:13 PM

বুধবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এই মামলায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এ ধরনের মামলা নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, “পটুয়াখালীর সংরক্ষিত মহিলা আসনের এমপি লুৎফুন নেছা ও তার স্বামী সুলতান আহমেদ মৃধার বিভিন্ন অনিয়ম নিয়ে বাংলাদেশ প্রতিদিনে প্রতিবেদন প্রকাশের পর থেকেই তারা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল।

“সাংসদ এবং তার স্বামীর দেওয়া প্রতিবাদ নিয়মানুযায়ী পত্রিকায় প্রকাশের পরেও ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মামলা করা হয়। সাংসদের স্বামী সুলতান আহমেদ মৃধা এই মামলা করেন, যা কখনও গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে অবিলম্বে নঈম নিজাম ও রাসেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাদের জীবনের নিরাপত্তা বিধান করার দাবি জানানো হয়।