খুনের দায়ে ৩ আসামির যাবজ্জীবন
সাত বছর আগে রাজধানীর কদমতলীতে চাঁদাবাজির প্রতিবাদ করায় খুন হওয়া হুমায়ুন কবির টিটু হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের সোমবার দেওয়া এই রায়ে দণ্ডিতরা হলেন মো. সোহাগ, মামুন শেখ ও রবিন শেখ।
ট্রাইব্যুনালের পেশকার আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দণ্ডিতদের ২০ হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছর কারাভোগ করতে হবে তাদের।”
২০১০ সালের ২৬ নভেম্বর দুপুরে কদমতলী এলাকায় মান্নান স্টোরের সামনে টিটুকে গুলি চালিয়ে হত্যা করা হয়। তার স্ত্রী রোজিনা বেগম এ ঘটনায় হত্যামামলা দায়ের করে।
২০১৩ সালের অগাস্টে অভিযোগপত্র এবং পরের বছর ২৯ মে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
আবুল কালাম আজাদ জানান, মামলার বিচারের সময় রাষ্ট্রপক্ষের ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। দণ্ডিত রবিন শেখ এই ঘটনায় দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
