২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ২২ অস্ত্র উদ্ধার মামলার আসামির জামিন স্থগিত

চাঁপাইনবাবগঞ্জে ২২টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার মামলার আসামি শাহ আলমকে দেওয়া হাই কোর্টের জামিন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2017, 04:38 PM

Updated : 12 Apr 2022, 12:56 AM

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে সোমবার অবকাশকালীন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহের হোসেন সাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পরে তিনি বলেন, “গত বৃহস্পতিবার হাই কোর্ট এই আসামিকে ছয় মাসের জামিন দিয়েছিল। এ আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে সোমবার চেম্বার বিচারপতি চার সপ্তাহের জন্য জামিন আদেশ স্থগিত করেছে।” 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ অক্টোবর বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বটতলাহাট এলাকার একটি ভাড়া বাড়ি থেকে আমেরিকা এবং জাপানের তৈরি ২২টি পিস্তল, ১৩৬টি গুলি ও ৪৫টি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

ওইদিন জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, তিনদিন ধরে এসব অস্ত্র ব্যবসায়ীদের নজরদারিতে রাখে পুলিশ। ২৩ অক্টোবর রাতে ২৯টি ছাগলের সঙ্গে অস্ত্রের চালানটি জেলার বাইরে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের গতিবিধি টের পেয়ে এগুলো ফেরত নিয়ে আসা হয়।

পরে শংকরবাটি এলাকার ওই বাড়িতে ছাগলসহ এসব অস্ত্র মজুদ করে অস্ত্র ব্যবসায়ীরা। দুপুরে পুলিশ তালা ভেঙে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে।

অস্ত্র উদ্ধারের ঘটনায় ৫/৬ জনকে আসামি করে মামলা করে পুলিশ।

গতবছরের ৭ নভেম্বর গভীর রাতে  শাহ আলমসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

শাহ আলম শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গোপলনগর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।