জাল নোট বন্ধে বাংলাদেশ-ভারত টাস্কফোর্সের সভা শুরু
জাল নোট বন্ধে বাংলাদেশ ও ভারত টাস্কফোর্সের তিন দিনব্যাপী সভা রোববার পুলিশ সদর দপ্তরে শুরু হয়েছে।
এটা দুই দেশের মধ্যে চতুর্থ সভা বলে জানান সহকারী মহাপুলিশ পরিদর্শক (মিডিয়া) সহেলী ফেরদৌস।
তিনি বলেন, ২০১৪ সালে ভারতে প্রথম এই সভা শুরু হয়। এরপর প্রতিবছর এই টাস্কফোর্স সভা অনুষ্ঠিত হচ্ছে।
পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভার উদ্বোধন করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান।
সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন উপ মহাপরিদর্শক (ডিআইজি) রৌশন আরা বেগম এবং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) আইজি অনিল শুক্লা। সভায় উভয় দেশের ২৬ জন কর্মকর্তা অংশ নিচ্ছেন।
সভার উদ্বোধনী বক্তৃতায় মোখলেসুর রহমান বলেন, এধরনের সভার যথেষ্ট প্রয়োজন রয়েছে। তাহলে উভয় দেশের মধ্যে অপরাধ দমনসহ বিভিন্ন ক্ষেত্রে পরস্পর সহযোগিতা বাড়বে। আর যৌথভাবে কাজ করলে জাল নোট বন্ধসহ বিভিন্ন অপরাধ দমন যেমন সহজ হবে তেমনি ভবিষ্যতেও নানা ধরনের অপরাধ মোকাবেলা করা যাবে।
ভারতীয় প্রতিনিধি দলের প্রধান অনিল শুক্লা বলেন, উভয় দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য অপরাধ দমনের কোনো বিকল্প নেই। এজন্য যৌথভাবে কাজ করাটা জরুরি।
সভায় জাল নোটের উৎস চিহ্নিত করা এবং জাল নোট তৈরি ও বিতরণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এক্ষেত্রে উভয় দেশের কর্মকর্তাদের মধ্যে প্রশিক্ষণ, কাজের অভিজ্ঞতা এবং তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়টি গুরুত্ব পায়।
এর আগে ভারতীয় প্রতিনিধি দলের সদস্যরা পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হকের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।
টাস্কফোর্সের এই সভা ১৯ ডিসেম্বর শেষ হবে।
