কুমিল্লা-১০ আসনে নিয়ে ইসি সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল
আদালতের রায়ের নির্দেশনা অনুসারে কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় নির্বাচন কমিশন (ইসি) সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাই কোর্ট।
ওই আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য মো. আব্দুল গফুর ভূঁইয়ার এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রাজিউদ্দিন আহমেদ পারভেজ।
২০০৮ সালের আগে কুমিল্লা সদর দক্ষিণ কুমিল্লা-৯ ও নাঙ্গলকোট উপজেলা কুমিল্লা-১১ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ছিল।
কিন্তু ওই বছরের ১০ জুলাই নাঙ্গলকোট উপজেলা এবং সদর দক্ষিণের কয়েকটি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-১০ আসন করে গেজেট প্রকাশ হয়।
পরে নাঙ্গলকোট এবং সদর দক্ষিণের পুরো উপজেলাকে একীভূত করে ২০১৩ সালের ৩ জুলাই কুমিল্লা-১০ আসন ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।
ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে যান গফুর ভূঁইয়া।
তার দাবি, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে জনসংখ্যার অনুপাত, ভৌগলিক অখণ্ডতা, প্রশাসনিক ইউনিটগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
তার আইনজীবী রাজিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তখন আদালত ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ওই গেজেট কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি নিয়ে চলতি বছরের ২০ মার্চ হাই কোর্ট রায় দেয়।”
রায়ে কুমিল্লা-১০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের ক্ষেত্রে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসিকে নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত ১২ জুলাই রায় প্রকাশের পর আদেশ পালনে নির্বাচন কমিশনে আবেদন করেন গফুর ভূঁইয়া।
“কিন্তু তারপরও আদেশ বাস্তবায়ন করার উদ্যোগ না নেওয়ায় গত ১৫ নভেম্বর ইসিকে আদালত অবমাননার নোটিস দেওয়া হয়,” বলেন ব্যারিস্টার রাজিউদ্দিন।
নোটিস পাওয়ার পরও আদালতের আদেশ বাস্তবায়নে ব্যবস্থা গ্রহণ না করায় গত রোববার হাই কোর্টে আদালত অবমাননার আবেদন করেন গফুর ভূঁইয়া।
রাজিউদ্দিন বলেন, “বিবাদী ইসি সচিবের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে ইসি সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।”
