২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতপ্রকাশে অতিরিক্ত বাধানিষেধ দিয়েছে সব সরকারই: আনিসুজ্জামান

সংবিধানে লিখিত বিধিনিষেধের বাইরে এসে বাংলাদেশের বিভিন্ন সরকার মতপ্রকাশে ‘অতিরিক্ত’ বিধিনিষেধ আরোপ করেছে বলে মন্তব্য করেছেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2017, 08:42 PM

Updated : 12 Apr 2022, 12:53 AM

একইসঙ্গে নাগরিকদের ভ্রমণের স্বাধীনতায় সরকারের অযাচিত হস্তক্ষেপের কঠোর সমালোচনাও করেন তিনি।

রোববার বিকালে ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ শিরোনামের আয়োজনে মানবাধিকার বিষয়ক একক বক্তৃতায় এসব কথা বাংলাদেশের সংবিধান রচনার প্রক্রিয়ায় সঙ্গে যুক্ত এই শিক্ষাবিদ।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস ও বিজয়ের মাসে সপ্তাহব্যাপী আয়োজনের প্রথম দিনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, “মতপ্রকাশের অধিকারের কথা বলছি আমরা, কিন্তু ক্ষমতাসীন সরকারগুলো সংবিধানের বাইরে এসেও অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করছে।

“কোনো মামলা-মোকাদ্দমা ছাড়াই কোনো নাগরিকের ভ্রমণে বাধা দিচ্ছে সরকার। এগুলো কিন্তু স্পষ্টতভাবেই মানবাধিকার লঙ্ঘন।”

একক বক্তৃতার শুরুতে জাতিসংঘের মানবাধিকার সনদ বা বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানবাধিকার প্রতিষ্ঠার পথে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে বৈষম্য কমানোর পরামর্শ দেন তিনি।

আনিসুজ্জামান বলেন, “জাতিসংঘ মানবাধিকার সনদে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার বিষয়টি বারবার উঠে এলেও বাস্তব পরিস্থিতি, প্রেক্ষাপটে পৃথিবীতে সেই অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ধনী-গরীব, উঁচু-নিচু, গ্রাম-শহর সবখানে বৈষম্য প্রকট হচ্ছে। মানবাধিকার প্রতিষ্ঠায় আমাদের এই বৈষম্য দূর করতে হবে।”

মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দরিদ্র জনগোষ্ঠীর জন্য আইনি বিধান থাকলে আর্থিক অসঙ্গতিতে সেই সুবিধা নিতে না পারার কথা জানিয়ে হতাশা প্রকাশ করেন এই অধ্যাপক।

এ সময় এক পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, বাংলাদেশে ধনীরা দরিদ্রদের চেয়ে ‘১২১ গুণ’ আয় করছেন।

“জাতিসংঘ সনদ আর আমাদের সংবিধানে সকলের সমান অধিকারের কথা বলা হলেও আর্থিক বৈষম্যের কারণে জনগণ মানবাধিকার সেবা উপভোগ করতে পারছে না। উন্নয়ন, প্রবৃদ্ধি হলেও সম্পদের সুষম বন্টন না হওয়ায় মানবাধিকার কেবল তাত্ত্বিক এক বিষয় হয়ে থেকে গেছে। আমরা তো এমন বাংলাদেশের জন্য প্রস্তুত ছিলাম না।”

১৯৭১ সালে ‘ভিন্ন প্রেক্ষাপটের’ কারণে বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন গণহত্যার আন্তর্জাতিক বিচার দাবি করতে পারেননি বলে জানান অধ্যাপক আনিসুজ্জামান।

“তখন ভিন্ন প্রেক্ষাপটের কারণে অনেক দেশ আমাদের পক্ষে কথা বলেনি। জাতিসংঘে আমরা বিচার চাইতে পারিনি। তবে স্বাধীনতার ৪০ বছর পরে হলেও আমরা কিন্তু আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পেরেছি। মানবাধিকার লঙ্ঘনের দায়ে আমরা যখন এই বিচার করছি, তখন তা আইনের শাসন প্রতিষ্ঠায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকল।”

এ সময় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমারের সামরিক জান্তার অত্যাচার-নিপীড়নের কঠোর সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারোয়ার আলী।

মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী বিজয় উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।