এমপি মুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠি
নির্বাচনী হলফনামায় সাড়ে ৫৪ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করায় ময়মনসিংহ-৫ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে দুদক।
রোববার দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুদকের সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত চিঠিটি বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়।
তিনি বলেন, “সাংসদ মুক্তি ২০১৩ সালের ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের তার হলফনামায় চার লাখ ৫০ হাজার টাকার সম্পত্তি আছে বলে তথ্য দেন। হলফনামা দাখিলের আগে ওই বছরের ৩০ জুন ময়মনসিংহের কর কমিশনার কার্যালয়ে ৫৬ লাখ তিন হাজার ৮৭৬ টাকার সম্পদ আছে বলে হিসাব দাখিল করেন।”
দুদকের অনুসন্ধারে মুক্তির আরও সম্পত্তি থাকার তথ্য বেরিয়ে এসেছে জানিয়ে প্রনব বলেন, “তার বাবার কাছ থেকে তিন লাখ তিন হাজার টাকা সম্পত্তি হেবা দলিল মূলে পান তিনি, যা তিনি নির্বাচন কমিশনে উল্লেখ করেন নাই।”
এই হিসাবে মু্ক্তির মোট সম্পত্তির পরিমাণ দাঁড়ায় ৫৯ লাখ ৬ হাজার ৮৭৬ টাকা; অর্থাৎ তিনি ৫৪ লাখ ৫৬ হাজার ৮৭৬ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন বলে দুদকের ভাষ্য।
ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, “আমরা চিঠি পেয়েছি। এটা আমরা কমিশনে উপস্থাপন করব।”
জানতে চাইলে ইসির একাধিক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্পদ নিয়ে হলফনামায় এ সাংসদের অসত্য তথ্য দেওয়ার বিষয়ে এ মুহুর্তে ইসির করণীয় কিছু নেই। আগেও এ ধরনের কয়েকজন সাংসদের বিষয়ে কমিশনের কাছে চিঠি দিয়েছিল দুদক। বিষয়টি দুদক তদন্ত করে প্রয়োজন হলে মামলা করবে। আদালতের বিষয় শেষ করে এরপর সাজা হলেই কমিশনের করণীয় কিছু থাকতে পারে।”
