খিলগাঁওয়ের শতাধিক বাড়ির ‘মডেল ট্যাক্স’ আদায়ে হাই কোর্টের স্থগিতাদেশ
‘মডেল ট্যাক্স’ আদায়ে বিভিন্ন সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) জারি করা নোটিসের কার্যকারিতা রাজধানীর খিলগাঁও এলাকার শতাধিক বাড়ির মালিক ও বাসিন্দার ক্ষেত্রে স্থগিত করেছে উচ্চ আদালত।
একইসঙ্গে রুল দিয়ে ডিএসসিসি এলাকায় মডেল ট্যাক্স বা আদর্শ তফসিল নামে অতিরিক্ত হোল্ডিং ট্যাক্স আদায় কেন অবৈধ এবং ডিএসসিসির জারি করা ওইসব নোটিস আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
খিলগাঁও এলাকার বাড়ির মালিক ও বাসিন্দা মিলে শতাধিক ব্যক্তির করা রিটের শুনানি নিয়ে বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাই কোর্ট বেঞ্চ রোববার রুলসহ এ আদেশ দেয়।
আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোকতাদির রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
মিউনিসিপ্যাল করপোরেশন (ট্যাক্সেশন) রুলস-১৯৮৬ অনুসারে পৌর কর্তৃপক্ষ শতকরা ৫ থেকে ১০ ভাগের চেয়ে বেশি কর আরোপ করতে পারবে না। এরপর এ রুলস এর অধীনে ২০১৫ সালে একটি গেজেট প্রকাশ করে সরকার।
ওই গেজেটে ইমারত ও জমির উপর শতকরা ৭ ভাগ, ময়লা পরিষ্কার বাবদ শতকরা ৭ ভাগ, সড়কবাতি বাবদ শতকরা ৫ ভাগ, পানি বাবদ শতকরা ৩ ভাগ এবং স্বাস্থ্য খাতে শতকরা ৮ ভাগ ট্যাক্স নির্ধারণ করা হয়। সবমিলে শতকরা ৩০ ভাগ ট্যাক্স নির্ধারণ করা হয়।
আইনজীবী মোকতাদির সাংবাদিকদের বলেন, “আইন অনুযায়ী প্রতিটি এলাকার বাড়ি ভাড়া নির্ধারণ করার পর তার বার্ষিক মূল্যায়নের ওপর ভিত্তি করে ওই পাঁচটি খাতে ট্যাক্স নির্ধারণ করতে হবে।
“করপোরেশন আইন বহির্ভূতভাবে বিভিন্ন সময়ে ক্রমান্বয়ে তিনটি খাতে (ইমারত ও জমি, ময়লা নিষ্কাশন এবং সড়ক বাতি) খাতে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে কোনো কোনো ক্ষেত্রে ৩২০ ভাগ থেকে ৯৭৬ ভাগ পর্যন্ত বাড়িয়ে আদায় করছে।”
তিনি বলেন, “আইন অনুযায়ী প্রতি ৫ বছর পরপর বাড়ি ভাড়া মূল্যায়ন করার কথা। কিন্তু তা করছে না কর্তৃপক্ষ। আইনের বাইরে গিয়ে হোল্ডিং ট্যাক্স বাড়িয়ে পর্যায়ক্রমে যেসব নোটিশ জারি করেছে, তা চ্যালেঞ্জ করা হলে আদালত রুলসহ নোটিস স্থগিতের আদেশ দেয়।”
স্থানীয় সরকার সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তাসহ পাঁচজনকে রিটে বিবাদী করা হয়েছে বলে জানান এই আইনজীবী।
