২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে বার্ন ইউনিটের বিদেশি চিকিৎসকদের সাক্ষাৎ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে কর্মরত বিদেশি চিকিৎসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2017, 01:21 AM

Updated : 19 Aug 2022, 06:08 PM

বার্ন ও প্লাস্টিক সার্জন এবং নিউরোলজিস্ট হিসেবে কর্মরত এই চিকিৎসকরা বুধবার সন্ধ্যায় গণভবনে যান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, জার্মানি, নেদারল্যান্ডস ও হাঙ্গেরি থেকে আসা এই চিকিৎসক দলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন।

বিদেশি এই চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৯৪ জন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানান। এরমধ্যে ৩৮ জনের অস্ত্রোপচার করেন তারা।

বৈঠকে প্রধানমন্ত্রীকে জানান হয়, মাথা জোড়া লাগা দুটি শিশুর চিকিৎসা দেওয়া হচ্ছে। এ দুটি শিশুকে পৃথক করতে অস্ত্রোপচার করার জন্য একদল চিকিৎসক আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ অথবা মার্চ মাসের শুরুতে হাঙ্গেরি থেকে ঢাকা আসছে।

বিপুল সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় বিদেশি এই চিকিৎসকদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, শেখ হাসিনা ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ন্যাশনাল কো-অর্ডিনেটর ডা. সামন্ত লাল সেন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্নও প্লাস্টিক সার্জারি ইউনিট ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসকরা এ সময় উপস্থিত ছিলেন।