২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-ভারত সম্পর্কে নিন্দুকরা কিছু করতে পারবে না: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গভীরতার বিষয়টি তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেছেন, নিন্দুকেরা এতে কিছু করতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 11:42 PM

Updated : 19 Aug 2022, 06:07 PM

বুধবার রাজধানীতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের এই জিনিসটি সব সময় খেয়াল রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে নিন্দুক থাকে। নিন্দুকের ভয় করলে হবে না, আমাদের এমন একটি সম্পর্ক যেখানে নিন্দুক কিছু করতে পারবে না।

“যদিও নিন্দুক থাকা উচিত না। থাকলে কী করবেন, মানুষ তো... আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”

১৯৭১ সালে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৬তম বার্ষিকী উপলক্ষে আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।

২০১৪ সালে বাংলাদেশ সফরে নরেন্দ্র মোদী বলেছিলেন, “বাংলাদেশ ও ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ একই সূত্রে গাঁথা।”

জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ‘বাংলাদেশ-ভারত মৈত্রী এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাহমুদ আলী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক যুগ যুগের, জন্ম জন্মান্তরের। আদান-প্রদান কেবল রেল, সড়ক আর বিমানের যোগাযোগের নয়। সেটা মানুষের হৃদয়ের যোগাযোগ, সংস্কৃতির, মানুষে মানুষের আর জ্ঞান-বিজ্ঞানের।”

ভারতকে অস্থিতিশীল করে এমন কর্মকাণ্ড করতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের পুনরাবৃত্তি অনুষ্ঠানে করেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা রোহিঙ্গা সঙ্কট কেবল বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের নিরাপত্তাকে বাধাগ্রস্ত করতে পারে বলে হুঁশিয়ার করেন।

সেক্ষেত্রে ভারতের ‘নীরব’ ভূমিকার সমালোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনসহ কয়েকজন বক্তা। একাত্তরের মতো ভারতকে পাশে পেতে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা।

সে প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, “রোহিঙ্গা ইস্যুতে গোটা পৃথিবীর আমাদের সঙ্গে আছে। বক্তব্যের মধ্যে পার্থক্য থাকলেও মূল বিষয়ে তারা সবাই একমত। রোহিঙ্গাদের ফেরত পাঠাতেই হবে।”

রোহিঙ্গা সঙ্কটে তার দেশ মিয়ানমারের সঙ্গে কাজ করছে বলে উল্লেখ করেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

তিনি বলেন, “বাংলাদেশ খুব সফলতার সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে পেরেছে। আমরা রোহিঙ্গাদে নিরাপদ, স্বচ্ছন্দ ও দ্রুত প্রত্যাবাসনের প্রত্যাশা করছি। আমরা মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে কাজ করছি, সমস্যার যথাযথ সমাধান বের করার জন্য।”

প্রতিবেশী দেশ হওয়ায় এ বিষয়ে ভারত মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে একই রকম মনোভাব দেখাচ্ছে উল্লেখ করে হাই কমিশনার বলেন, “আমাদের কথা বলা প্রয়োজন। আমরা বলপ্রয়োগের মাধ্যমে নয়, গঠনমূলক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চাচ্ছি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু জুলিয়ান ফ্রান্সিস, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ভারতের স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ বক্তব্য দেন।