২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দিনভর যানজটের দুর্ভোগ

আগের দিনের মতো বুধবারও সড়কে নেমে তীব্র যানজটে নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2017, 10:13 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

পুরনো খবর:

যানজট: ৬ কিলোমিটার পেরুতেই ঘণ্টা পার

দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ যেতে সময় লেগে যায় পৌনে এক ঘণ্টা; আসাদ গেইট থেকে মহাখালীতে যেতে লাগছিল দেড় ঘণ্টার মতো।

মতিঝিল থেকে মোহাম্মদপুর রুটের মৈত্রী পরিবহনের যাত্রী ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি বেলা দেড়টার দিকে প্রেস ক্লাবের সামনে থেকে বাসে উঠেছিলেন। সোয়া ২টার দিকে শাহবাগে পৌছলেও আবার সিগন্যালে আটকা পড়েন।

“এরপর আমি বাস থেকে নেমে জিগাতলা পর্যন্ত হেঁটে যাই। সেখান থেকে রিকশায় করে মোহাম্মদপুর পৌছি।”

এই অবস্থা ছিল সন্ধ্যার পরেও। সন্ধ্যার দিকে শ্যামলী থেকে মহাখালীতে পৌঁছতে দেড় ঘণ্টার বেশি সময় লাগার কথা জানান হাসান নামে এক বাস যাত্রী। তিনি বৈশাখী পরিবহনের যাত্রী ছিলেন।

এসব পরিস্থিতি কোনো কোনো এলাকায় ট্রাফিক পুলিশকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর চলাচল থাকলেও বুধবার রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সে ধরনের কোনো চলাচল ছিল না। প্রধানমন্ত্রী শুধু তার বাড়ির পাশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়েছিলেন ডিজিটাল ওয়ার্ল্ড উদ্বোধন করতে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মীর রেজাউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উল্লেখ করার মতো ভিআইপি মুভমেন্ট না থাকলেও রাস্তায় গাড়ির চাপ ছিল প্রচণ্ড। আর এ জন্য এই জ্যাম।”

রাত সোয়া ৮টার দিকে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সারাদিন রাজধানীর প্রধান সড়কগুলোতে গাড়ির বেশ চাপ ছিল,  এখনও রয়েছে।

মীর রেজাউল বলেন, “রাস্তায় অতিরিক্ত গাড়ি থাকলে করার  কিছু থাকে না। ট্রাফিক পুলিশ সদস্যরা মাঠে থেকে নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

ট্রাফিক কন্ট্রোল রুমে কর্তব্যরত এক পুলিশ সদস্য বলেন, সন্ধ্যার পর রাজধানীতে আরও গাড়ি ঢোকার পর যানিজটও বেড়ে যায়।

রাত ৯টার দিকে ‘সন্ধ্যা পারভেজ’ নামে একজন তার ফেইসবুকে লেখেন, “মতিঝিল থেকে পল্লবী আসতে সময় লাগল মাত্র সাড়ে ৪ ঘণ্টা।”