২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট: ৬ কিলোমিটার পেরুতেই ঘণ্টা পার

বদরুল ও ইমরুল দুই ভাই যাবেন ময়মনসিংহে, ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বাসে উঠবেন তারা।  মিরপুর থেকে রওনা হয়ে র‌্যাডিসন হোটেলে নেমে একটি বাসে উঠে মহাখালী আসতেই তাদের দেড় ঘণ্টা লেগে গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2017, 09:15 PM

Updated : 11 Oct 2022, 02:48 PM

কম্বোডিয়া থেকে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় ফেরার জন্য সন্ধ্যায় কিছু সময় বন্ধ ছিল বিমানবন্দর সড়কে গাড়ি চলাচল। তিনি বিমানবন্দর থেকে সেনানিবাস হয়ে জাহাঙ্গীর গেইট দিয়ে বেরিয়েছিলেন। তখন নিয়ন্ত্রণ করা হয়েছিল বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেইট পর্যন্ত সড়কে গাড়ি চলাচল।

সন্ধ্যা ৭টায় মহাখালীতে দাঁড়িয়ে বিরক্ত কণ্ঠে বদরুল ভাই ইমরুলকে বলছিলেন, “এইটুকু পথেই ঘণ্টা পার হল। বাড়ি যেতে  জানি কত সময় লাগে।”

র‌্যাডিসন হোটেল থেকে মহাখালীর দূরত্ব ৬ কিলোমিটারের মতো।

ইমরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাড়ি যেতে অনেক সময় লাগবে বলে মনে হচ্ছে।”

যানজট নিয়ে বদরুলের মতোই ক্ষোভ প্রকাশ করেন প্রভাতি পরিবহনের যাত্রী সুজন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালী মোড়ে কতজন ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে। তারা কী কাজ করছে?”

তাদের মত টঙ্গী থেকে ঢাকামুখী বলাকাসহ আরও কয়েকটি পরিবহনের যাত্রীদের মহাখালীতে বাস থেকে নেমে ক্ষোভ ঝাড়তে দেখা যায়।

সন্ধ্যার পর বিপরীতে পথেও ছিল একই রকম যানজট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ওবায়দুর মাসুমের মহাখালী থেকে বিমানবন্দর সড়ক ধরে কুড়িল পৌঁছতে এক ঘণ্টা লেগে গিয়েছিল।

তীব্র যানজটের কারণ কী- জানতে চাইলে ট্রাফিক পুলিশের মাঠ পর্যায়ের কোনো কর্মকর্তা মুখ খুলতে চাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিদর্শক (ট্রাফিক) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভিআইপি মুভমেন্ট ছিল।”

যানজটের বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম-কমিশনার (ট্রাফিক) মোসলেহ উদ্দিন আহমেদ অফিস ছুটির পর চাপ বেড়ে যাওয়াকেই কারণ দেখান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত অফিস ছুটি হওয়ার পর গাড়ির চাপ বেড়ে যায়।

বিকাল সাড়ে ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ সময় গাড়ির চাপটা বেড়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।”

তবে এই সড়ক ব্যবহারকারী বেশ কয়েকজন বলেছেন, গত দুটি কর্মদিবসে এই সময়ে যানজট থাকলেও তা মঙ্গলবারের মতো তীব্র ছিল না।