২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি ডব্লিউটিওতে তুলবে বাংলাদেশ

স্বল্পোন্নত দেশগুলোর জন্য এর আগে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তায়নে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এবারের সম্মেলনে জোরালো দাবি জানাবে বাংলাদেশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2017, 09:39 PM

Updated : 19 Aug 2022, 06:06 PM

এই সম্মেলনে বাংলাদেশের পক্ষে যেসব কর্মকর্তা অংশ নেবেন, তাদের করণীয় নিয়ে সোমবার সচিবালয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ কথা জানান।

আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনেস আইরেসে বিশ্ব বাণিজ্য সংস্থার একাদশ মন্ত্রী পর্যায়ের সম্মেলন হবে। বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২৫ সদস্যের একটি প্রতিনিধি দল সেখানে অংশ নেবেন। 

এ সম্মেলনকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করে তোফায়েল বলেন, “এবারের সম্মেলনের আগেই যুক্তরাষ্ট্র বলে দিয়েছে, অতীতের চুক্তির মধ্যে তারা আর ঢুকবে না। তবে আমরা ফাইট করব, এটা নিয়ে আমরা বলব।

“প্রথম সম্মেলন থেকে শুরু করে এ পর্যন্ত যেসব সিদ্ধান্ত হয়েছে, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোর জন্য, সেগুলো বাস্তবায়নের দাবি আমরা তুলে ধরব।”

বাংলাদেশ শুল্ক ও বাণিজ্যমুক্ত বাজার সুবিধা পাওয়ার প্রস্তাবক ছিল জানিয়ে তোফায়েল বলেন, “সে সময় স্বল্পোন্নত ৪৮টি দেশের সঙ্গে বৈঠক করে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী হিসেবে আমি ডিব্লিউটিও সম্মেলনে বিষয়টি তুলি। ফলে এখন উন্নত দেশগুলো থেকে শুল্ক ও কোটামুক্ত সুবিধা আমরা পাচ্ছি।”

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এবারের সম্মেলনে বাংলাদেশ শুল্ক ও কোটামুক্ত বাজার সুবিধা এবং সেবাখাতে সার্ভিস ওয়েবারের কার্যকর বাস্তবায়ন, রুলস অব অরিজিন বিষয়ক সিদ্ধান্ত বাস্তবায়ন এবং স্পেশাল অ্যান্ড ডিফারেনশিয়াল ট্রিটমেন্ট সুবিধা বাস্তবায়নে জোরালো অবস্থান নেবে।

এছাড়া ‘বেআইনি, অনিয়ন্ত্রিত ও অনিবিন্ধিত’ ফিশারিজ সাবসিডি বন্ধ করা, স্বল্পোন্নত দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য কারিগরি সহযোগিতা, কৃষি ক্ষেত্রে অভ্যন্তরীণ ভর্তুকির বিষয়ে নীতিমালার পক্ষে বাংলাদেশ নিজেদের অবস্থান তুলে ধরবে বলে কর্মকর্তারা জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, “এবারের সম্মেলন বাংলাদেশর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তোরণের কৌশলপত্র প্রস্তুত করতে হবে।

“আমাদের যে সুবিধা পাওয়ার কথা… বিশ্বায়ন ও উদারীকরণের কারণে আমরা যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট এক্সেস দিয়ে সেটা পূরণ করা হবে।”

বাংলাদেশ যে যুক্তরাষ্ট্র থেকে শুল্কমুক্ত সুবিধা পায় না, ১৬ শতাংশ শুল্ক দিয়ে সেখানে পণ্য রপ্তানি করতে হয়- সে বিষয়টিও ডব্লিউটিও সম্মেলনে তুলে ধরা হবে বলে জানান মন্ত্রী।

উন্নত দেশগুলো এলডিসিভুক্ত দেশগুলোকে জিএসপিসহ বিভিন্ন বাণিজ্য সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অনেক দেশই তা বাস্তবায়ন করেনি। এবারের সম্মেলনেও মিনিস্টেরিয়াল ডিক্লারেশন হবে কি না- তা নিয়ে সংশয় প্রকাশ করেন বাণিজ্যমন্ত্রী।

আগামী ১১ ডিসেম্বর এ সম্মেলনের প্লেনারি সেশনে কান্ট্রি স্টেটমেন্ট উপস্থাপন করবে এর আগে চারবার স্বল্পোন্নত দেশগুলোর সমন্বয়কের দায়িত্ব পালনকারী বাংলাদেশ।

১৯৯৫ সালে ডব্লিউটিও প্রতিষ্ঠার পর থেকে দুই বছর পর পর এই সম্মেলন হচ্ছে। ২০১৫ সালে কোরিয়ার রাজধানী নাইরোরিতে হয় দশম সম্মেলন।