২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুবার্ষিকীতে মুক্তিযোদ্ধা-ভাষাপ্রেমী রফিকুল ইসলামকে স্মরণ

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ের মূল পরিকল্পনাকারী মুক্তিযোদ্ধা-ভাষাপ্রেমী রফিকুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2017, 09:17 PM

Updated : 11 Oct 2022, 02:47 PM

শনিবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতির আঠারো বর্ষপূর্তি ও রফিকুল ইসলামের চতুর্থ প্রয়াণবার্ষিকীতে দ্য মাদারস ল্যাঙ্গুয়েজ লাভার্স সোসাইটি স্মরণসভার আয়োজন করে।

বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এসেছিলেন এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক কূটনীতিক এ কে আবুল মোমেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল মান্নান চৌধুরী। আরো ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে রফিকুল ইসলামের সহযোগী আবদুস সালাম।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, “ভারত যখন ভাগ হয়ে গেল, তখন সৈয়দ মুজতবা আলী এক সভায় ঘোষণা দিয়েছিলেন, বাংলাই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এরপর থেকেই কিন্তু ভাষা আন্দোলনের বীজ বপন শুরু হয়ে গিয়েছিল। তারপর একুশে ফেব্রুয়ারি, আর তার প্রেক্ষাপটে এল মুক্তিযুদ্ধ। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করলাম, বাংলা হল আমাদের রাষ্ট্রভাষা।

“এর অনেক দিন পরে সুদূর প্রবাসে (কানাডা) থাকা এক মুক্তিযোদ্ধা ভাষার প্রতি তীব্র টান অনুভব করলেন। ইউনেস্কো থেকে আমাদের ভাষা আন্দোলনের দিনটির আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করলেন রফিকুল। বিজয়ের মাসে দাঁড়িয়ে তাকে স্মরণ করছি অনেক শ্রদ্ধায়।”

একাত্তরের রণাঙ্গনে মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় কোষাধ্যক্ষ, উপ-অধিনায়ক ও স্বল্পকালীন অধিনায়কের দায়িত্ব পাল করেছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী। তখন তার নেতৃত্বে অস্ত্র হাতে পাকসেনাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন রফিকুল ইসলাম।

সহযোদ্ধাকে স্মরণ করতে গিয়ে স্মৃতিকাতর আব্দুল মান্নান চৌধুরী বলেন, “রফিকুল দুই যুগে দুই যুদ্ধের যোদ্ধা। সে লড়েছে মুক্তিযুদ্ধে, সে আবার লড়েছে মাতৃভাষার আন্তর্জাতিক স্বীকৃতির আদায়ের লক্ষ্যে। বায়ান্নে এক রফিক বুকের রক্ত ঢেলেছিল রাজপথে, আরেক রফিক ৪৬ বছর পরে আরেক যুদ্ধে জয়ী হয়ে ভাষাকে প্রতিষ্ঠা করলো এক অনন্য উচ্চতায়।”

পরে অন্য বক্তারা রফিকুল ইসলামের নানা অবদান সম্পর্কে বিষদ আলোচনা করেন। অনুষ্ঠানে সম্মাননা জানানো হয় আবদুস সালামকে।

কানাডার ভ্যাঙ্কুবারে থাকা প্রবাসী মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ১৯৮৮ সালে পরিকল্পনা করেন ভাষা দিবস তথা শহীদ দিবসকে কিভাবে আন্তর্জাতিক পর্যায়েও উদযাপন করা যায়। সে ভাবনা থেকে জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানকে তিনি চিঠি লিখেন। সে আবেদনের পরিপ্রেক্ষিতৈ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর অনুষ্ঠিত প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো।

পরে ২০০০ সালের ২১শে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশগুলোতে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

বাংলা ভাষার প্রতি অনন্য অবদান রাখা এই মুক্তিযোদ্ধা ২০১৩ সালের ২০ নভেম্বর ক্যান্সারে ভুগে মারা যান। মৃত্যুর আগে দেশে আসার ইচ্ছা থাকলেও পারেননি। পরে তার অবদানের স্বীকৃতি হিসেবে পরে বাংলাদেশ সরকার ২০১৬ সালে তাকে মরণোত্তর একুশে পদক দেয়।

ধর্মের প্রকৃত শিক্ষা সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না : নূর

 

ধর্মের প্রকৃত শিক্ষা সমাজে সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

তিনি বলেছেন, “শান্তি ও সম্প্রীতি ইসলামসহ সকল ধর্মের মূল বাণী। সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা শুধু মুসলিমদের জন্য নয়, তিনি সকল ধর্মের মানুষের জন্য, সকল মানবতার জন্য। আমরা সবাই যদি এটি বিশ্বাস করি ও অনুসরণ করতে পারি, তবে সারা বিশ্বে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে।

“কিন্তু এই শিক্ষাটি সমাজে সঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না। অথচ দেখুন, ধর্মের মাধ্যমে আমরা কত মানবিক কাজই না করতে পারি।”

শনিবার সকালে রাজধানীর লেকশোর হোটেলে রবিউল আউয়াল উপলক্ষে হযরত মোহাম্মদ (সাঃ) ইনস্টিটিউট আয়োজিত দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আসাদুজ্জামান নূর এসব কথা বলেন।

তিনি বলেন, “বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ। আমরা শান্তি ভালোবাসি। আমরা যদি ইসলামের প্রকৃত শিক্ষা অন্তরে ধারণ করতে পারি, তবে সমাজে হিংসা-বিদ্বেষ, সন্ত্রাস-রাহাজানি থাকবে না।”

হযরত মোহাম্মদ (সাঃ) ইনস্টিটিটের প্রেসিডেন্ট এম নুরুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রুননাইয়ের হাই কমিশনার মাসুরাই মাসরি, মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশা শান শাকিল, ভিয়েতনামের রাষ্ট্রদূত ট্রান্স ভ্যান খোয়া, সেইচেলস্ রিপাবলিকের বাংলাদেশ কনস্যুলেটের কনসাল মো. আমিরুজ্জামান, মঙ্গোলিয়া কনস্যুলেটের কনসাল এবং দক্ষিণ এশিয়া মহিলা উন্নয়ন ফোরামের (এসএডব্লিউডিএফ) বাংলাদেশ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান নাসরীন ফাতেমা আউয়াল, জার্মান দূতাবাসের কনসাল আন্দ্রিয়াস হার্টম্যান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউটের স্পোকেন ইংলিশ অ্যান্ড আইটির কোর্স প্রশিক্ষক সীমা ইকবাল।