২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী দিবসের শুভেচ্ছা বক্তা নির্বাচন নিয়ে বিতর্ক

জাতীয় প্রতিবন্ধী দিবসের আয়োজনে শুভেচ্ছা বক্তা হিসেবে একটি শিশুকে নির্বাচন করায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ-পিএনএসপি ও জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2017, 10:36 AM

Updated : 11 Oct 2022, 02:47 PM

পিএনএসপির নেতারা বলছেন, শিশুর যেহেতু ভোটাধিকার নেই, সেহেতু তার বক্তব্যে প্রতিবন্ধীদের নাগরিক দাবিগুলো ‘যথাযথভাবে’ উঠে আসবে না।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ ও সচিব জিল্লার রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলতে না পারার কথা জানিয়েছে প্রতিবন্ধী অধিকার সংগঠনগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে চেষ্টা করেও প্রতিমন্ত্রী বা সচিবের বক্তব্য পাওয়া যায়নি। 

পিএনএসপি-র সাধারণ সম্পাদক সালমা মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩ ডিসেম্বর জাতীয় প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রথমে যে আমন্ত্রণপত্র ছাপে, সেখানে শুভেচ্ছা ভাষণ পর্বে কোনো প্রতিবন্ধীকে না রাখায় তারা আপত্তি তোলেন।

পরে প্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলোর প্রতিবাদে মন্ত্রণালয় আমন্ত্রণপত্র বিতরণ স্থগিত করে দ্বিতীয়  দফা আমন্ত্রণপত্র ছাপায়। যেখানে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর স্বাগত ভাষণ দেবে বলে জানানো হয়।

সালমা মাহবুব বলেন, “এই প্রথমবার জাতীয় প্রতিবন্ধী দিবসের আয়োজনে প্রাপ্তবয়স্ক কোনো প্রতিনিধিত্বশীল প্রতিবন্ধী নাগরিকের বক্তব্য রাখার সুযোগ রহিত করা হল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় প্রতিবন্ধী ফোরামের নেতাদের ব্যর্থতার কারণে অপ্রতিবন্ধী একজনের নাম প্রস্তাব করা হয়েছিল। পরে আমাদের জোর আপত্তির মুখে মন্ত্রণালয় এই সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হয়।

“এখন  এক শিশুকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য মনোনীত করা হয়েছে।  এ শিশু কি নাগরিক অধিকার সম্পর্কে সঠিকভাবে বলতে পারবে? বাচ্চাটি কতটুকুই বা বুঝবে আমাদের কথা?”

সালমা মাহবুবরা তাদের এই প্রতিবাদ জানাতে গিয়েছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ে। পরে তারা মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানের  সঙ্গে যোগাযোগ করেন বলে জানান সালমা মাহবুব।

তিনি বলেন, “অতিরিক্ত সচিব মহোদয় আমাদের কোনো আশার কথা শোনাতে পারেননি। তারা জানান, প্রতিমন্ত্রী ও সচিব মহোদয় দেশের বাইরে থাকায় তারা এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারবেন না। মন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত সত্যিই অবিবেচনাপ্রসূত।”

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সহকারী মহাসচিব নাসরিন জাহানও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

তিনি বলেন, “প্রতিবার এই আয়োজনে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি স্বাগত ভাষণ দেন। তিনি প্রতিবন্ধীদের দাবি দাওয়া উত্থাপন করেন। কিন্তু সম্প্রতি তিনি মারা যাওয়ার পর মন্ত্রণালয় আর আমাদের ফোরামের পক্ষ থেকে কারও নাম আহ্বান করেনি।”

নাসরিন জাহান বলেন, প্রথমবার আমন্ত্রণপত্র ছাপা হওয়ার পর তারা প্রতিবাদ করেছিলেন। তখন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর একান্ত সচিব তাদের সভাপতি কে তা জানতে চেয়েছিলেন।

“উনি বলেছিলেন- ‘নির্বাচন করে সভাপতি আনুন, এত পরে আসলে হবে না’। তখন আমরা নিরুপায় হয়ে ফিরে আসি।”

প্রতিবন্ধী নাগরিক সংগঠনগুলোকে  প্রতিমন্ত্রী ও সচিব দেশের বাইরে আছেন বলে জানানো হলেও প্রতিমন্ত্রীর একান্ত সচিব এ জে এম এরশাদ আহসান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা দুজনেই দেশে আছেন। প্রতিমন্ত্রী তার নির্বাচনী এলাকা লালমনিরহাটের কালিগঞ্জে অবস্থান করছেন।

তবে নাসরিন জাহানের অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রতিমন্ত্রীর একান্ত সচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিষয়টি প্রতিমন্ত্রী মহোদয় ভালো বলতে পারবেন।”

এ বিষয়ে কথা বলতে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অতিরিক্ত সচিব খন্দকার আতিয়ার রহমানকে মেসেজ পাঠিয়ে কথা বলতে চাইলেও তার সাড়া মেলেনি।  সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিবন্ধী বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিকের মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

‘ট্রান্সফরমেশন টুওয়ার্ডস সাসটেইনেবল অ্যান্ড রিজিলেন্ট সোসাইটি ফর অল’- প্রতিপাদ্য সামনে রেখে এ বছর প্রতিবন্ধী দিবসের আয়োজন করতে যাচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রণীত প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন-২০১৩ এর ১৬ ধারায় প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হিসেবে তার ‘পূর্ণ ও কার্যকর’ অংশগ্রহণের কথা বলা হয়েছে।