২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে গ্রেপ্তারে পরোয়ানার প্রতিবাদে রোববার বিএনপির বিক্ষোভ

দুর্নীতির এক মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তারে জারির প্রতিবাদে রোববার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2017, 04:43 PM

Updated : 19 Aug 2022, 06:05 PM

বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, “আজকে সরকারের নীলনকশার অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সরকারের বণ্য আক্রোশের কারসাজিতে এই গ্রেপ্তারি আদেশ জারি হয়েছে বলে আমরা মনে করি। আমরা এহেন আদেশ জারির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

“এর প্রতিবাদে আগামী রোববার ৩ ডিসেম্বর সারাদেশে ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা সদরের থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।”

খালেদা জিয়া বৃহস্পতিবার জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান। ৫ থেকে ৭ ডিসেম্বর যুক্তিতর্কের শুনানির দিন রাখেন বিচারক।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সংবাদ সম্মেলনে রিজভী অবিলম্বে এই পরোয়ানা প্রত্যাহারের দাবি জানান।

Image
খালেদা জিয়া

খালেদা জিয়া

তিনি বলেন, “বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর হরতাল থাকায় নিরাপত্তাজনিত কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাজির হতে পারবেন না, এজন্য সকালেই বিশিষ্ট আইনজীবী আদালতে গিয়ে যথারীতি আবেদন করেছেন। দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের প্রধান কি করে সেই হরতাল ডিঙিয়ে আদালতে যাবেন? আইনজীবীরা এটার যথাযথ যুক্তি উপস্থাপন করেছেন আদালতে।

“এমনকি হরতাল শেষ হওয়ার পর বেগম খালেদা জিয়া আদালতে আসতে চান বলে আইনজীবীরা আবেদন করেছেন। কিন্তু আদালত তা নাকচ করে দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই আদেশ ন্যায়বিচারের পরিপন্থি। আমরা মনে করি, এই ঘটনা সরকারের প্রত্যক্ষ মদদে হয়েছে। বেগম জিয়ার বিরুদ্ধে সরকারের পাশবিক জিঘাংসার প্রতিফলন এটি।”

সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, মীর সরফত আলী সপু, আফরোজা আব্বাস, আবদুস সালাম আজাদ, কাজী আবুল বাশার, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মুনির হোসেন, সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারির প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শনিবার মহানগর ও জেলা সদরে, রোববার থানা ও পৌরসভায় এবং যুবদল শুক্রবার, ছাত্রদল শনিবার সারাদেশে বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে।

পুরনো খবর:

খালেদাকে গ্রেপ্তারে ফের পরোয়ানা, আত্মপক্ষ সমর্থনের সুযোগ শেষ