সিলেটের ডাকের ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে স্থগিত
সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন পত্রিকা দৈনিক সিলেটের ডাকের প্রকাশনার অনুমোদন (ডিক্লারেশন) বাতিলের জেলা প্রশাসনের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আবেদন শুনে বুধবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ এ আদেশ দেয়।
আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন; সঙ্গে ছিলেন আব্দুল হালিম কাফী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
আইনজীবী কাফী পরে সাংবাদিকদের বলেন, ‘গত ১৫ জুন পত্রিকাটির ডিক্লারেশন বাতিল করেছিল সিলেট জেলা প্রশাসন। পত্রিকাটির মালিক-প্রকাশক রাগীব আলীর দণ্ড হওয়ায় তা বাতিল করা হয়।
“এর বিরুদ্ধে রিট করা হলে আদালত রুল জারি করে। সম্প্রতি তিনি জামিন পান এবং দণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন আছে উল্লেখ করে পত্রিকাটির ডিক্লারেশন চেয়ে আরেকটি আবেদন করা হয়। সেটির শুনানি নিয়েই আদালত জেলা প্রশাসকের ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্তটি তিন মাসের জন্য স্থগিত করেছে।”
হাই কোর্টের রায়ের ফলে পত্রিকাটি আবার প্রকাশনা শুরু করতে পারবে বলে জানান আইনজীবী আব্দুল হালিম কাফী।
ডেপুটি অ্যাটর্নি জোনরেল অমিত তালুকদারও সাংবাদিকদের বলেছেন, আদালত ‘ডিক্লারেশন’ বাতিলে জেলা প্রশাসকের নোটিস তিন মাসের জন্য স্থগিত করেছে।
