সিলেটের ডাকের প্রকাশনা অনুমতি বাতিল
সিলেটের বিতর্কিত শিল্পপতি রাগীব আলীর মালিকানাধীন পত্রিকা দৈনিক সিলেটের ডাকের প্রকাশনার অনুমোদন (ডিক্লেরেশন) বাতিল করে দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, বৃহস্পতিবার পত্রিকাটির ডিক্লেরেশন বাতিল করা হয় এবং রোববার ওই নোটিশ সিলেটের ডাক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
প্রকাশক রাগীব আলী আদালতের রায়ে সাজাপ্রাপ্ত হওয়ায় আইন অনুযায়ী পত্রিকাটির প্রকাশনার অনুমোদন বাতিল করা হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মো. আব্দুল হান্নান ও নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি।
সিলেটের ডাকের প্রকাশক ও সম্পাদক মণ্ডলীর সভাপতি রাগীব তিন মামলায় ভিন্ন ভিন্ন মেয়াদে দণ্ডিত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব থাকা রাগীব আলীর ছেলে আব্দুল হাইও সিলেট কারাগারে দণ্ডিত হয়ে কারাবন্দি রয়েছেন।
তাছাড়া গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পলাতক থাকা অবস্থায় পত্রিকা প্রকাশের কারণে রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে দায়ের আরেক মামলায় তাদের এক বছর করে কারাদণ্ডও দেওয়া হয়েছে।
