প্রফেশনাল এএটি কোর্স শুরু করছে এসিই
একাউন্টিংয়ে উচ্চতর সনদ দেওয়ার লক্ষ্যে আগামী জানুয়ারিতে একেএস খান সেন্টার ফর এক্সেলেন্স (এসিই) ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে অ্যাসোসিয়েশন অব একাউন্টিং টেকনিশিয়ানস (এএটি) কোর্স চালু করতে যাচ্ছে।
ভোকেশনাল অ্যাকাউন্টেন্টসদের জন্য এএটি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সনদপ্রদানকারী পেশাদার সংগঠন। এ কোর্সের পরীক্ষা পরিচালনা করবে ব্রিটিশ কাউন্সিল।
কোর্সটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ঘোষণা দিয়ে মঙ্গলবার ব্রিটিশ কাউন্সিলে সংবাদ সম্মেলন হয়।
এতে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর অ্যান্ড্রু নিউটন বাংলাদেশের অর্থনীতির পরিসর বাড়ার দিকটি দেখিয়ে বলেন, এ দেশের অর্থনীতি বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। বিশ্বখ্যাত এএটি কোয়ালিফিকেশন বৃহৎ এ অর্থনীতিতে প্রয়োজন অনুপাতে দক্ষতাসম্পন্ন কর্মশক্তি ও নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখতে সক্ষম হবে।
এএটি কোর্স লিডার মুকতাদির রহমান বলেন, “একাউন্টিং ও ফাইন্যান্স খাতে ক্যারিয়ার গঠনে এএটি কোয়ালিফিকেশন ব্যাপকভাবে সহায়তা করে থাকে। ফাইন্যান্সিয়াল দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব অর্জনে শিক্ষার্থীদের সুবিধা প্রদান করে। কোর্সটি বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে।”
অনুষ্ঠানে এসিই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সামানজার এস খান বলেন, “আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও গ্রহণযোগ্য একটি কোয়ালিফিকেশন হচ্ছে এএটি এবং পেশাদার অর্থনীতি সংক্রান্ত কয়েক ধাপ এগিয়ে থাকার প্রত্যয়ে শিক্ষার্থীদের সুযোগ তৈরি করে দিতে পেরে আমরা আনন্দিত।”
