২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেকৃবিতে ভর্তি পরীক্ষায় কান ঢেকে রাখা যাবে না

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে পরীক্ষাকেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 08:29 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে ভর্তি পরীক্ষায় জালিয়াতির ঘটনা নিয়ে আলোচনার মধ্যে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের কান কাপড় দিয়ে ঢেকে রাখতে না করা হয়েছে।

এছাড়া ক্যালকুলেটর, মোবাইল ফোন এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ভর্তি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পরিদর্শকরাও মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক মো. সেকেন্দার আলী মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

উপ-উপাচার্য বলেন, “এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান বজায় রাখতে এবং মেধা যাচাইয়ের স্বার্থে অত্যন্ত সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা নিতে আমরা বদ্ধপরিকর। পরীক্ষা চলাকালীন কেন্দ্রগুলোতে ভ্রাম্যমাণ আদালত নিয়োজিত থাকবে।”

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে পরীক্ষাকেন্দ্রে ভর্তি পরীক্ষার্থীদের সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে বলে জানান অধ্যাপক সেকেন্দার।

তিনি বলেন, “পরীক্ষার্থীরা তাদের কান কোনোভাবেই কাপড় দিয়ে ঢেকে রাখতে পারবে না। বিশ্ববিদ্যালয়ে সার্বক্ষণিক মোবাইল কোর্ট অবস্থান করবে এবং কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

Image
এ ধরনের ডিভাইস ব্যবহার করে জালিয়াতি হচ্ছে ভর্তি পরীক্ষায়

এ ধরনের ডিভাইস ব্যবহার করে জালিয়াতি হচ্ছে ভর্তি পরীক্ষায়

গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ ঘ ’ ইউনিটের ভর্তি পরীক্ষার আগের রাতে পরীক্ষায় জালিয়াতিতে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইসসহ ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর ওই চক্রের আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে গত শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রসহ ছয়জন গ্রেপ্তার হয়েছেন। তাদের কাছ থেকেও জালিয়াতির ওই সব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

জালিয়াতিতে ব্যবহৃত ওই ডিভাইস দেখতে মাস্টারকার্ডের মতো, ভেতরে থাকে মোবাইল সিম। আর পরীক্ষার হলে ব্যবহারের জন্য থাকে অতি ক্ষুদ্র লিসেনিং কিট। ওই ডিভাইসের মাধ্যমে বাইরে থেকে হলের ভেতরে কানে লিসেনিং কিট থাকা পরীক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করে উত্তর বলে দেওয়া যায়।

অধ্যাপক সেকেন্দার বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি প্রস্তুতি নিয়েছে।

“ভর্তি পরীক্ষা চলাকালীন প্রক্টরিয়াল বডির সঙ্গে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্য, ভ্রাম্যমাণ আদালত ছাড়াও রোভার স্কাউট সদস্যরা দায়িত্বে থাকবেন।”

Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে শনিবার ধরা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ছয়জনের কাছ থেকে জালিয়াতির এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে শনিবার ধরা পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসহ ছয়জনের কাছ থেকে জালিয়াতির এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

এবার শেকৃবির চারটি অনুষদে ৬৮২টি আসনে ভর্তি হতে ৩৮ হাজার ১২৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। একটি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫৬টি।

আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর ১৬টি কেন্দ্রে শেকৃবির ভর্তি পরীক্ষা হবে।

সাধারণ জ্ঞান, ইংরেজি এবং উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম অনুযায়ী পদার্থ বিজ্ঞান, রসায়ন, গণিত ও জীববিজ্ঞান বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের এক ঘণ্টার লিখিত পরীক্ষা হবে।

গ্রেডিং পদ্ধতিতে এসএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ’র আটগুণ এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় পাওয়া জিপিএ’র ১২ গুণ নম্বর লিখিত পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে যোগ করে মোট ২০০ নম্বরের ওপর মেধাতালিকা প্রণয়ন করা হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে যানা যাবে।

পুরনো খবর:

ঢাবির ‘জালিয়াত’ নেতাকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
বরিশালে ভর্তি পরীক্ষায় জালিয়াতি করতে গিয়ে ঢাবি ছাত্র গ্রেপ্তার