২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে দুই প্যানেলই থাকছে

ঢাকা বিশ্ববিদ‌্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বাম সমর্থক শিক্ষকরা মনোনয়নপত্র তুললেও জমা না দেওয়ায় আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত সমর্থকদের প্যানেলই থাকছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2017, 05:38 PM

Updated : 19 Aug 2022, 06:04 PM

আওয়ামী লীগ সমর্থক নীল দল থেকে সভাপতি পদে ভোট করবেন সাবেক সভাপতি সম্পাদক অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল; সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন সাবেক সহ-সভাপতি অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম।

বিএনপি-জামায়াত সমর্থক শিক্ষকদের সাদা দলের সভাপতি প্রার্থী পদার্থ বিজ্ঞান বিভাগের অধ‌্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রার্থী পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান।

গত কয়েক বছর ধরে এই শিক্ষক সমিতিতে আওয়ামী লীগ সমর্থক প‌্যানেল জয়ী হয়ে আসছে। তার আগে টানা কয়েকবার বিএনপি সমর্থকরা সমিতির নিয়ন্ত্রণে ছিলেন।

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় এই নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার।

প্রধান নির্বাচন কমিশনার রসায়ন বিভাগের অধ্যাপক তোফায়েল আহমদ চৌধুরী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নীল ও সাদা দলের শিক্ষকদের দুটি প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।গোলাপি দলের শিক্ষকরা মনোনয়নপত্র নিলেও জমা দেননি।”

কিছু কাল বিরতি দিয়ে বাম সমর্থক শিক্ষকরা ২০১৬ সালের নয়জনের প‌্যানেল দিয়ে নির্বাচনে অংশ নিলেও এবার প্যানেল দেননি।

এ বিষয়ে জানতে চাইলে বাম সমর্থক শিক্ষকদের নেতা অর্থনীতির অধ‌্যাপক এম এম আকাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত নির্বাচনে প্যানেল দিয়েছিলাম, এবার দিচ্ছি না।”

‘মিটিং আছেন’ জানিয়ে অংশ না নেওয়ার বিষয়ে বিস্তারিত কিছু আর বলেননি তিনি।

নীল দলের সভাপতি প্রার্থী অধ‌্যাপক মাকসুদ কামাল মাস্টারদা সূর্যসেন হলের প্রাধ্যক্ষ; তিনি আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন।

এই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শিবলী রুবাইয়াতুল ইসলাম ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও ব‌্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক। তিনি সিনেট সদস্য।

সাদা দলের সভাপতি প্রার্থী অধ্যাপক ওবায়দুল ইসলাম সিনেট সদস্য। সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক মো. লুৎফর রহমান সিনেট ও সিন্ডিকেট সদস্য।

অধ্যাপক মাকসুদ কামাল বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কয়েক বছর ধরে মুক্তিযুদ্ধে স্বপক্ষের শিক্ষকদের জয়যুক্ত করেছে। এবারও প্রত্যাশা করছি শিক্ষকরা নীল দলের প্রার্থীদের জয়যুক্ত করবে।”

জয়ী হলে শতবর্ষ পূর্তি সামনে রেখে নতুনভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

সাদা দলের সাধারণ সম্পাদক প্রার্থী অধ্যাপক লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষকদের দাবি-দাওয়া পূরণে তারা কাজ করবেন।

“দাবি আদায়ের পূর্বশত হল গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত করা। গণতান্ত্রিক জায়গায় সকলের মত-আদর্শ যাতে তুলে ধরা যায়, সেই ব্যবস্থা করা হবে।”

অধ‌্যাপক তোফায়েল জানান, দুটি প্যানেলের শিক্ষকদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। কেউ প্রার্থিতা প্রত্যাহার করতে চাইলে বুধবার সন্ধ্যা ৭টার মধ্যে তা করতে পারবে।

এবার ভোটার সংখ্যা এক হাজার ৯০০ এর মতো বলে জানান অধ্যাপক তোফায়েল।

তিনি বলেন, “এখনও চূড়ান্ত তালিকা প্রস্তুত হয়নি। কাজ চলছে, শিগগিরই তা প্রকাশ করা হবে।”

নীল প্যানেলের প্রার্থীরা

সভাপতি পদে মাকসুদ কামাল; সহ-সভাপতি উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীব বিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক; সাধারণ সম্পাদক অধ্যপক শিবলী রুবাইয়াতুল ইসলাম; যুগ্ম-সম্পাদক  ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী; কোষাধ্যক্ষ  একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন  আহমেদ।

সদস‌্য - গণিত বিভাগের অধ‌্যাপক  চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মুহাম্মাদ সামাদ, লেদার অ্যান্ড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান,খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সৈয়দ মোহাম্মদ শামছুদ্দিন ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।  

সাদা প্যানেলের প্রার্থীরা

সভাপতি পদে অধ‌্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম; সহ-সভাপতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. লুৎফর রহমান; যুগ্ম-সম্পাদক ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আসলাম হোসেন; কোষাধ্যক্ষ মার্কেটিং বিভাগ অধ্যাপক  এ বি এম শহিদুল ইসলাম।

সদস‌্য - প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়ারুল কবীর, সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম রব্বানী, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক দিলীপ কুমার বড়ুয়া, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মোহাম্মাদ জসীম উদ্দিন, জিন প্রকৌশল  ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মাদ নাজমুল আহসান, গ্রাফিক ডিজাইন বিভাগের মো. ইসরাফিল প্রাং , ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান মো. নুরুল আমিন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের অধ্যাপক মো. হাসানুজ্জামান।