২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যালায়েন্স সিকিউরিটিজ চেয়ারম্যানের জামিন পুনর্বিবেচনার আবেদন

আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় অ্যালায়েন্স সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ রায়কে দেওয়া হাকিম আদালতের জামিন আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। 

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2017, 05:35 PM

Updated : 19 Aug 2022, 06:03 PM

গত ২৩ নভেম্বর দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এই আবেদন করলেও সোমবার তিনি বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।  

সাড়ে আট কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগে গত ২০ নভেম্বর ধানমণ্ডির বাসা থেকে পঙ্কজ রায় গ্রেপ্তার করে দুদকের একটি দল।

ওইদিন বিকালেই আদালতে হাজির করা হলে পাঁচ হাজার টাকার মুচলেকায় তাকে জামিন দেন মহানগর হাকিম সত্যব্রত সিকদার।

বিচারক বয়স বিবেচনা করে পঙ্কজ রায়কে জামিন দেন বলে ওইদিন দুদকের আইনজীবী জাহাঙ্গীর বলেছিলেন।

জামিনের আবেদনে পঙ্কজ রায়ের বয়স ৮০ বছর দেখান তার আইনজীবীরা।

জামিন পুর্নবিবেচনার আবেদনে বলা হয়েছে, “আসামি বয়স্ক বলে হাকিম জামিন দিলেও বয়সের কোনো প্রমাণ আদালতে জমা পড়েনি। মামলাটি যেহেতু আইন অনুযায়ী শুধুমাত্র বিশেষ জজ আদালতের আমলে নেওয়া থেকে শুরু করে জামিন দেওয়ার বিধান সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সেহেতু আইন লঙ্ঘন করে তাকে দেওয়া জামিন বাতিল করা ন্যায়সম্মত। আর তাছাড়া ওই জামিনের আদেশটি জনস্বার্থের বিরুদ্ধে গেছে।”

আইনজীবী জাহাঙ্গীর বলেন, “রিভিশন আবেদনটি শুনানির জন্য গৃহীত হলেও তারিখ এখনো জানিনা।”

দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস গত ১৯ নভেম্বর পঙ্কজ রায়ের বিরুদ্ধে রমনা থানায় জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এই মামলা করেন।

এজাহারে বলা হয়, এই ব্রোকারেজ হাউজ ব্যবসায়ী চলতি বছর ফেব্রুয়ারিতে জমা দেওয়া হিসাব বিবরণীতে মোট ২১ কোটি ৯৩ লাখ ৮৫ হাজার ৩০২ টাকার সম্পদের তথ্য দেন। এর মধ্যে আট কোটি ৫০ লাখ ৪১ হাজার ১০৬ টাকার সম্পদের কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। 

অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যানের বিরুদ্ধে হুন্ডির মাধ্যমে অর্থ পাচারের অভিযোগেও মামলা রয়েছে।

চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্ত্রীসহ নিকট আত্মীয়দের বেআইনিভাবে ঋণ দেওয়ায় অ্যালায়েন্স সিকিউরিটিজকে চলতি বছরের শুরুতে ৫০ লাখ টাকা জরিমানাও করেছিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

পুরনো খবর:

অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যানের জামিন