২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসন: শিগগিরই সমঝোতার আশা সু চির

মিয়ানমারের নেত্রী অং সান সু চি বলেছেন, বাংলাদেশের সঙ্গে আলোচনার মধ্যে দিয়ে চলতি সপ্তাহেই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রশ্নে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2017, 12:43 PM

Updated : 11 Oct 2022, 02:45 PM

পুরনো খবর:

রোহিঙ্গা সঙ্কটের সমাধানে ৩ স্তরের চীনা ফর্মুলা

তবে এ সঙ্কটের সমাধান রাতারাতি সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন মিয়ানমারের নোবেল বিজয়ী স্টেট কাউন্সেলর।      

রয়টার্স জানিয়েছে, নেপিদোতে এশিয়া ও ইউরোপের দেশগুলোর জোট-আসেমের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের শেষ দিন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সু চি এ কথা বলেন।

বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক হবে জানিয়ে সু চি বলেন, “আমরা আশা করছি, এই আলোচনার ফলাফল হিসেবে শিগগিরই একটি সমঝোতা স্মারকে সই করা সম্ভব হবে, যাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়া সবাইকে নিরাপদে ফেরানোর ব্যবস্থা করা যায়।”

এর আগে সোমবার আসেম সম্মেলনের সাইডলাইনে রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হয়। এশিয়া ও ইউরোপের ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ের রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন।

সেই সঙ্গে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের ওপরও জোর দেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ওই অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে রোহিঙ্গা সঙ্কট নিয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং সম্মেলনের ফাঁকে কয়েকটি ইউরোপীয় দেশের মন্ত্রীদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এসব বৈঠকের ফলাফল সম্পর্কে জানতে চাইলে মঙ্গলবার তিনি সময় টিভিকে বলেন, দ্বিপক্ষীয় বৈঠকে ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে সঙ্কট সমাধানে সহযোগিতার আশ্বাস পেয়েছেন তিনি।

মাহমুদ আলী বলেন, মিয়ানমারের নেত্রী অং সাং সু চির সঙ্গে বুধবার বাংলাদেশের প্রতিনিধি দলের বৈঠক রয়েছে। সেখানেও রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনা হবে। 

Image
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প

অগাস্টের শেষ দিকে রাখাইনে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই অভিযানকে চিহ্নিত করেছে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে।  

পশ্চিমা অধিকার সংগঠনগুলো মিয়ানমারের নেত্রী নোবেলবিজয়ী সু চিরও সমালোচনা করে আসছে। তারা বলছে, সু চির সরকার রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধে যথেষ্ট কঠোর অবস্থান নিতে পারেনি।  

রাখাইনে সেনাবাহিনীর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে সু চি বলেন, “মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে কি না- সে বিষয়ে আমরা কিছু বলতে পারব না। আমরা বলতে পারি, এ রকম ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করা সরকার হিসেবে আমাদের দায়িত্ব।”

মিয়ানমারের সেনাবাহিনী এবং ক্ষমতাসীন দলের অনেক নেতাই রোহিঙ্গাদের বর্ণনা করে আসছেন ‘বাঙালি সন্ত্রাসী’ ও ‘অবৈধ অভিবাসী’ হিসেবে। সু চি নিজেও কখনও ‘রোহিঙ্গা’ শব্দটি বলেন না।

আগের মতই এ সংবাদ সম্মেলনে সু চি বলেন, বাংলাদেশের সঙ্গে ১৯৯২ সালের প্রত্যাবাসন চুক্তির আওতায় দ্বিপক্ষীয় ব্যবস্থাপনায় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায় মিয়ানমার।

তবে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যাবাসনে জাতিসংঘকে যুক্ত করাসহ কয়েকটি বিষয় পরিবর্তন করে নতুন চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রস্তাবের কোনো জবাব না দিয়েই গত ৩১ অক্টোরব রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেরির জন্য উল্টো বাংলাদেশকে দোষারোপ করেন সু চির দপ্তরের মহা পরিচালক জ তাই।

সাংবাদিকদের প্রশ্নে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী সু চি বলেন, আলোচনায় এ পর্যন্ত ঠিক কতটা অগ্রগতি হয়েছে, তা বলা ‘কঠিন’। রাখাইনের পরিস্থিতি স্বাভাবিক করতে ‘সম্ভব সব কিছুই’ তার সরকার করছে, তবে এজন্য সময় লাগবে।