২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই উপ-সচিবের বিরুদ্ধে আরেকটি মামলা স্ত্রীর

যৌতুকের দাবিতে নির্যাতনের মামলার পর এবার দেনমোহর ও ভরণপোষণ চেয়ে স্ত্রী মামলা করেছেন উপ-সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2017, 06:47 PM

Updated : 19 Aug 2022, 05:57 PM

৬ লাখ ৩৫ হাজার টাকা মোহরানা ও ভরণপোষণ চেয়ে ঢাকার দ্বাদশ সহকারী জজ আদালতে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছেন এই উপ-সচিবের স্ত্রী নাজমা আক্তার।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৯ সেপ্টেম্বর তিনি এবং তার মনিপুর উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া ছেলে এই মামলাটি করেন।

এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপ-সচিব) হিসেবে থাকা জাহাঙ্গীর আলমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।

আগের মামলার বিষয়ে অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, তিনি গত ৪ মার্চ স্ত্রীকে তালাক দিয়ে সরকারি সফরে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। সেখান থেকে ২৫ মার্চ ফেরার পর আর স্ত্রীর সঙ্গে থাকছেন না। স্ত্রীকে মারধরের অভিযোগটি ভিত্তিহীন।

নাজমা গত ১০ এপ্রিল রাজধানীর রূপনগর থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় অভিযোগ করেন, যৌতুকের দাবিতে তাকে মারধর করে রাজধানীর রূপনগরের বাসা থেকে তাকে ও সন্তানকে বের করে দেন জাহাঙ্গীর।

ওই মামলাটিতে গত ২৬ অক্টোবর ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। আগামী ১০ ডিসেম্বর সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক হয়েছে।

১৯৯৫ সালের ৭ মে সরকারি কর্মকর্তা জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয় ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রীধারী নাজমার।

স্ত্রীর অভিযোগ, পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তাকে পৈত্রিক সম্পত্তি বিক্রি করে টাকা দিতে চাপ দিয়ে আসছিলেন জাহাঙ্গীর।

জাহাঙ্গীর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত ছিলেন। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ  কামনা করে গত  ৩০ এপ্রিল একটি আবেদনও করেন নাজমা।

পুরনো খবর:

যৌতুক দাবিতে নির্যাতনের আসামিকে আত্মসমর্পণের পরামর্শ পুলিশের
উপ-সচিবের জামিন, আইনজীবীর প্রশ্ন