হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে তার বই নিয়ে মেলা
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকীতে তার বই নিয়ে রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগার চত্বরে সপ্তাহব্যাপী মেলা শুরু হয়েছে।
সোমবার বিকালে এই বইমেলার উদ্বোধন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে হুমায়ূনের স্ত্রী মেহের আফরোজ শাওন এবং তার ছোট ভাই লেখক-কার্টুনিস্ট আহসান হাবীবও ছিলেন।
সেলিনা হোসেন বলেন, “আজকে এমন একজনের জন্মদিন, যিনি মৃত্যুকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন। হুমায়ূন এখন আর শুধু একটি সত্তা নয়, তিনি একটি আদর্শ, একটি সত্য।
হুমায়ূন আহমেদের বই প্রকাশকারী ১৮টি প্রকাশনা সংস্থা এই বইমেলার আয়োজন করেছে। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলা।
বইমেলা আয়োজনে প্রকাশদের ধন্যবাদ জানিয়ে মেহের আফরোজ শাওন বলেন, “প্রকাশকরা যেভাবে হুমায়ূনের অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে সত্যিই উনাদের প্রতি আমার কৃতজ্ঞতার সীমা নেই।
“এই বইমেলা আজীবন চলবে। তরুণ প্রজন্মের কাছে হুমায়ূন আহমেদকে পৌঁছে দেওয়া হবে।”
“ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো ধরনের ত্রুটিপূর্ণ তথ্য সম্বলিত বই না পায় সেদিকে আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
অনুষ্ঠানে হুমায়ূন আহমেদের শেষ দিনগুলোর সঙ্গী সাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, গণগ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক আশীষ কুমার সরকার, হুমায়ূনের বন্ধু ও প্রকাশক আলমগীর রহমান ও ছড়াকার আসলাম সানী ছিলেন।
জ্যোতিপ্রকাশ বলেন, “আমরা বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথের পরে এত জনপ্রিয় লেখক দেখিনি। আপনারা যারা প্রকাশকরা আছেন তারা কি বছরে হুমায়ূন আহমেদকে নিয়ে অন্তত একটি পুস্তিকা বের করতে পারেন না?”
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই মারা যান তিনি।
বিকাল সাড়ে ৫টার দিকে টিএসসি মিলনায়তনে ‘হিমু পরিবহন’ ব্যানারে সমবেত হয়ে এই অনুষ্ঠান করেন তারা।
নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র ‘ধ্রুবতারা’র মোড়ক উন্মোচন হয়।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, “হুমায়ূন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অমূল্য অবদান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার যে উদ্দেশ্য, নিজেদের আলোকিত করা, হুমায়ূন আহমেদ তেমনই একজন আলোকিত মানুষ ছিলেন।”
হুমায়ূন আহমেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে তরুণদের প্রতি নিজেদের আলোকিত করার আহ্বান জানান তিনি।
সেখানে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন ‘হিমু পরিবহনের’ সদস্যদের হুমায়ূন আহমেদের শুধু হিমু চরিত্রের মাঝে না থেকে তার অন্যান্য চরিত্রগুলো সবার সামনে আনার আহ্বান জানান।
