রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) একটি প্রতিনিধি দল।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান খানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে যায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাতের সময় উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন প্রায় আট হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়।”
তিনি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতিকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি বলেন, “চিকিৎসকদের সামাজিক দায়িত্ব অত্যাধিক। চিকিৎসাক্ষেত্রে আধুনিকায়ন দ্রুতগতিতে হচ্ছে, তাই আমাদের চিকিৎসকদের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে।”
রাষ্ট্রপতি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের একটি বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান।
তিনি উন্নত চিকিৎসার পাশাপাশি গবেষণা কার্যক্রমে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
রাষ্ট্রপতি বিভিন্ন রোগ ও চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উদ্যোগী হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
