২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিপণি বিতান থেকে দুই শতাধিক মোবাইল ফোন জব্দ

রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও গুলশান এভিনিউ এলাকার বিপণি বিতান মলি ক্যাপিটা সেন্টারে অভিযান চালিয়ে আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক মোবাইল ফোন জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জেষ্ঠ্য প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2017, 02:44 PM

Updated : 11 Oct 2022, 02:44 PM

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে এই ফোনগুলো আমদানি করা হয়েছিল।

সোমবার দুপুর ১২টার দিকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, বিটিআরসি প্রতিনিধি এবং ঢাকা মহানগর পুলিশের সমন্বিত একটি দল বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকায় অভিযান শুরু করে। অধিদপ্তরের সহকারী পরিচালক সহিদুজ্জামান সরকার ছিলেন অভিযান পরিচালনার দায়িত্বে।

শপিং কমপ্লেক্সে তাদের আসার খবর পেয়ে বসুন্ধরার ৬ তলা এবং নিচতলার মোবাইলে ফোনের অধিকাংশ দোকান বন্ধ করে ফেলেন দোকানিরা। এর মধ্যে ৩ টি দোকানে তারা ঢুকতে সমর্থ হন। এই দোকান ৩টি থেকেই শতাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।

সহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সব আইফোন নিয়ম বহির্ভূতভাবে আনা হয়েছে, যার নম্বর বিটিআরসির নথিভুক্ত নয়। অবৈধভাবে রাজস্ব ফাঁকি দিয়ে আনার অভিযোগে এগুলো জব্দ করা হয়েছে।”

একই সময়ে উপপরিচালক এইচ এম শরিফুল হাসানের নেতৃত্বে আর একটি দল গুলশান এভিনিউ এলাকায় অভিযানে মলি ক্যাপিটা সেন্টারে বিভিন্ন দোকান থেকে আইফোন সহ বিভিন্ন ব্র্যান্ডের শতাধিক ফোন আটক করে।

অভিযানের বিষয়ে সহিদুজ্জামান বলেন, “এই অভিযান আসলে একটি মেসেজ। যে কোনো সময় আমরা আবার অভিযান চালাব।”