শিশু আইনের অস্পষ্টতা দূর করতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময়
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক আসামিদের বিচার কোন আইনে, কোন আদালতে হবে, তা স্পষ্ট করতে শিশু আইন-২০১৩ সংশোধনে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
গত ২৯ অক্টোবর শিশু আইনের অস্পষ্টতা নিরসনে সংশোধনের অগ্রগতি জানতে সমাজ কল্যাণ সচিব এবং আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিভাগের (ড্রাফটিং উইং) সচিবকে তলব করে হাই কোর্ট।
সে অনুযায়ী রোববার এ দুই সচিব আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দেন।
সমাজকল্যাণ সচিবের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার আশিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারি অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও ছিলেন।
আদালতে দুই সচিবের কাছে জানতে চাওয়া হয়, আইনের অস্পষ্টতা দূর করতে সমস্যা কোথায়? আইনটি কেন সংশোধন করা হচ্ছে না।
“আমরা দেখছি, শুধুই চিঠি চালাচালি হচ্ছে। আমাদের আশা হলো তারা দ্রুত বাস্তবভিত্তিক পদক্ষেপ নেবে। একারণেই ডাকা হয়েছে।”
এসময় আইন মন্ত্রণালয়ের আইন প্রণয়ন ও সংসদ বিষয়ক বিভাগের (ড্রাফটিং উইং) সহিদুল হক বলেন, “আইন সংশোধনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তবে এর আগেই আইন সংশোধন হলে ভাল হত। কিন্তু তা হয়নি। এজন্য দুঃখ প্রকাশ করছি।”
তিনি বলেন, মূলত আইনের ১৭ নম্বর ধারাই সমস্যা। এটা স্পষ্ট হওয়া দরকার।
সারাদেশে আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের কাজ চলছে আদালতকে তা জানিয়ে সচিব সহিদুল বলেন, “এসব আদালতে শিশুদের মামলা পাঠানোর আদেশ দিতে পারেন আদালত। তাছাড়া কোন মামলা কোন পর্যায়ে কোন আদালতে যাবে তার একটা নির্দেশনা দিতে পারেন আদালত।
তখন আদালত বলে, “আইন কিভাবে সংশোধন হবে সে আমাদের কাজ নয়। আইন প্রণেতাদের ভূমিকায় আমরা যেতে পারি না।”
সহিদুল হক আইন সংশোধনের জন্য দুই মাস সময় দরকার বলে জানান।
পরে সমাজকল্যাণ সচিব জিল্লার রহমান বলেন, “আমরা আইন সংশোধনের একটি খসড়া ভেটিংয়ের জন্য গত ৭ মে পাঠিয়েছি আইন মন্ত্রণালয়ে। এখনও সেটা ফেরত আসেনি। আমাদের কাছে ফেরত আসার পর সাত দিনের মধ্যেই চূড়ান্ত করতে পারব।”
এরপর আদালত আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে আদেশ দেয়।
আদালতের জ্যেষ্ঠ বিচারক বলেন, “শিশু আদালত এখন বয়স্কদের আদালতে পরিণত হয়েছে। ভিকটিম শিশু। অথচ বিচার হচ্ছে প্রাপ্তবয়স্কদের। আমাদের প্রত্যাশা, আইনের অস্পষ্টতা দূর করা।”
এ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “কোনো অপরাধী যদি শিশু হয় তাহলে তার মামলা শিশু আদালতে পাঠাতে পারেন।”
আদালত বলে, নতুন কোনো বিশেষ আইন হলে সে আইনের মামলা বিচারের আগে বিচারক, তদন্ত কর্মকর্তা, আইনজীবী সকলের প্রশিক্ষণ প্রয়োজন।
আদালত এসময় মানি লন্ডারিং আইনের উদাহরণ দিয়ে বলে, এ আইনে কিছু মামলা দুদক, কিছু মামলা পুলিশ আবার কিছু মামলা বাংলাদেশ ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ ইউনিট তদন্ত করে। ফলে এ নিয়ে এরইমধ্যে জটিলতার সৃষ্টি হয়েছে। এরকম অনেক মামলা আসছে আদালতে। এই জটিলতার কারণে বড়বড় মানি লন্ডারিংয়ের মামলার বিচার হবে না।
শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আসামি প্রাপ্তবয়স্ক হলে তার বিচার কোন আইনে বা কোন আদালতে হবে সে বিষয়ে গত বছরের ১৪ অগাস্ট আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও সমাজকল্যাণ সচিবের কাছে ব্যাখ্যা জানতে চায় হাই কোর্ট।
গত বছরের ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে বলা হলেও কেউই ব্যাখ্যা দাখিল করেননি। এ কারণে ওই বছরের ৩১ অক্টোবর তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে আদালত।
এরপর গত বছরের ডিসেম্বরে সচিবরা আদালতকে জানান, শিশু আইন-২০১৩ সংশোধনের মাধ্যমে অস্পষ্টতা দূর করা হবে। কিন্তু ওই আইন এখনও সংশোধন না হওয়ায় গত ২৯ অক্টোবর দুই সচিবকে তলব করে আদালত।
